চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেছেন, ‘ফারাজ মনুষ্যত্বের প্রতীক, ফারাজ সাহসিকতার প্রতীক, ফারাজ বন্ধুত্বের প্রতীক। তোমরা ফারাজের মতো মানুষ হও।’
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মইন উদ্দীন খান আরও বলেন, ‘গুলশানের হলি আর্টিজানে নরপশুরা ২০ জন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। সেদিন জঙ্গিরা ফারাজকে বেঁচে ফেরার সুযোগ দিয়েছিল। কিন্তু এই তরুণ বন্ধুদের ছেড়ে আসতে অস্বীকৃতি জানিয়ে মৃত্যুকে বরণ করে নেয়। বন্ধুত্বের এই অনন্য দৃষ্টান্ত এই বীরকে অমর করে রাখবে।’
মইন উদ্দীন খান বলেন, বোয়ালখালীর এই কলেজে ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে একটি চত্বর করা হয়েছে। সেই সঙ্গে একটি নাগেশ্বরগাছও রোপণ করা হয়েছে। একটি নাগেশ্বর হাজার বছর বেঁচে থাকে। ফারাজ নামের অকুতোভয় বীরকে যুগ যুগ স্মরণে রাখতে কলেজ চত্বরে এই গাছ লাগানো হয়েছে। কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যেন দল গঠন করে ফারাজের স্মরণে লাগানো গাছের যত্নœনেন, তাঁর আদর্শে অনুপ্রাণিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ। সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদের স্ত্রী সেলিনা খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শামীম আরা বেগম প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে মইন উদ্দীন খান, সেলিনা খানসহ কলেজের শিক্ষক এবং অনুষ্ঠানে আসা অতিথিরা ফারাজ চত্বরে এক মিনিট দাঁড়িয়ে ফারাজের প্রতি সম্মান প্রদর্শন করেন।