'ফাস্ট ট্র্যাক' প্রকল্পে বিনিয়োগের আহ্বান
সরকারের অগ্রাধিকার তালিকাভুক্ত ‘ফাস্ট ট্র্যাক’ প্রকল্পগুলোয় আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেশের প্রায় সবগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গতকাল বুধবার অনুষ্ঠিত এক সভায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো গ্রহণ করে সরকার বিপুল পরিমাণ বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। শিগগিরই বিদ্যুৎ খাতে আরও কয়েকটি ফাস্ট ট্র্যাক প্রকল্প নেওয়া হচ্ছে। এসব প্রকল্পে বিনিয়োগে রাষ্ট্রীয় নিরাপত্তাও দেওয়া হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত, সেখানে বিনিয়োগের উদ্যোগ নেওয়া।
বিদ্যুৎ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ ব্যাংকগুলোকে সুষমভাবে অর্থ ব্যবহারের অনুরোধ জানান।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান বলেন, সরকারের প্রকল্পগুলো বিনিয়োগের জন্য আকর্ষণীয়। কিন্তু বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে হবে দীর্ঘ মেয়াদে এবং বিপুল পরিমাণে। ফলে ব্যাংকগুলো অনীহা প্রকাশ করে। এই অনীহা কাটাতে ব্যাংকিং বিভাগ থেকে উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক নির্ধারিত আইনের মধ্যে থেকে এ ব্যাপারে সহযোগিতা করবে। বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য ইসলামিক বিনিয়োগ বন্ড কিংবা করপোরেট বন্ড ইস্যু করা হলে ভালো ফল পাওয়া যেতে পারে।