'ফাস্ট ফুড ও কোমল পানীয় তামাকের চেয়ে বেশি আতঙ্কের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য লিয়াকত আলী বলেছেন, তামাকের চেয়ে ফাস্ট ফুড এবং কোমল ও শক্তিবর্ধক পানীয় নিয়ে তাঁরা বেশি চিন্তিত। ব্যাপক প্রচারণার মাধ্যমে এসব খাবারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা জরুরি।

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় ‘গর্ভকালীন ডায়াবেটিস-এর ব্যবস্থাপনা ও প্রতিরোধ: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামের এক গোলটেবিল বৈঠকে লিয়াকত আলী এ কথা বলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সিজিডিএম প্রকল্প এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন দিনাজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি আবদুল লতিফ।

অধ্যাপক লিয়াকত বলেন, দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। প্রবৃদ্ধি বাড়ছে। নগরায়ণ ঘটছে। শহরবাসীর হাঁটাচলা কমে গেছে। কাজকর্ম সহজ হয়েছে। সবাই সিঁড়ি ব্যবহারের বদলে লিফট ব্যবহারে আগ্রহী। মা, শিশুসহ শিক্ষার্থীরা ফাস্টফুডের প্রতি ঝুঁকে পড়েছে। বিষয়ভিত্তিক উপস্থাপনায় তিনি আরও বলেন, নারীদের গর্ভাবস্থায় প্রথম শনাক্ত করা যেকোনো মাত্রার গ্লুকোজ অসহনীয়তাকে গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম বলা হয়। বর্তমানে সারা বিশ্বে নারীদের এটি প্রধান স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। উন্নত বিশ্বে ডিজিএমের সার্বিক হার ৭ থেকে ১৮ শতাংশ। বাংলাদেশের গ্রামাঞ্চলে এই হার ৭ দশমিক ৫ এবং শহরাঞ্চলে ১৩ শতাংশ। তবে দেশে এ বিষয়ে গবেষণা অত্যন্ত অপ্রতুল। ফলে এই সমস্যার প্রকৃত ব্যাপ্তি অজানা রয়ে গেছে।

গোলটেবিল বৈঠকে সিজিডিএম প্রকল্পের দলনেতা অধ্যাপক রওশন আরা, ঢাকা বারডেম হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান অধ্যাপক শামসুন নাহার, সহকারী অধ্যাপক মিথিলা, দিনাজপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুল হকসহ দিনাজপুরের চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।