'ফিরছি' বলে ফেরা হয়নি এখনো

‘কিছুক্ষণের মধ্যেই ফিরছি’ বলে প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বেরিয়ে এখনো ফেরেননি অভিজিৎ সরকার (২০)। তিনি রাজশাহী শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের ছাত্র। তাঁর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকায়।
ছেলের কোনো সন্ধান না পেয়ে তাঁর বাবা গোপেন্দ্রনাথ সরকার গত ১ জুলাই মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, অভিজিৎ প্রতিদিন সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয়ে যান। আর বেলা সাড়ে তিনটায় বাড়ি ফিরে আসেন। ঘটনার দিন ২৮ জুন নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ফিরে না এলে তিনি ছেলের মুঠোফোনে ফোন দেন। এ সময় কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছেন বলে জানান তিনি। কিন্তু পরে আর ফেরেননি। এরপর তাঁর মুঠোফোনে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।