'ফিরিয়ে দাও' অনুষ্ঠান থেকে বিএনপিকেই ফিরিয়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলায় ছবি ঝোলানো এই মানুষগুলোর কারও সন্তান, কারও ভাই গুম বা অপহরণের শিকার হয়েছেন৷ গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তঁারা l ছবি: প্রথম আলো
গলায় ছবি ঝোলানো এই মানুষগুলোর কারও সন্তান, কারও ভাই গুম বা অপহরণের শিকার হয়েছেন৷ গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তঁারা l ছবি: প্রথম আলো

রাজধানীতে গুম ও অপহরণের শিকার হয়ে নিখোঁজ বিএনপির নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ‘ফিরিয়ে দাও’ শীর্ষক অনুষ্ঠানটি হতে দেয়নি পুলিশ৷ গতকাল বৃহস্পতিবার সভার নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা আগে পুলিশ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তালা দিয়ে আয়োজকদের ফিরিয়ে দেয়৷
পরে সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়৷ সেখানে খালেদা জিয়া বলেন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, বাংলাদেশে আজ নিরাপত্তাহীন এক নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির জন্য যেসব ভয়ংকর ঘটনা একের পর এক ঘটে চলেছে, তার সঙ্গে জড়িত হয়ে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম৷ তিনি বলেন, ‘এই র্যাব আমরাই গঠন করেছিলাম৷ কিন্তু আমরা কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য ব্যবহার করিনি৷ এখন হত্যা, অপহরণ, সম্পদ দখলের কাজে র্যাবের একশ্রেণির সদস্যের নাম জড়িয়ে গেছে৷ আমরা র্যাব গঠন করলেও এই গুরুতর পরিস্থিতিতে আমাদেরকেও বেদনার সঙ্গে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানাতে হয়েছে৷ কারণ, র্যাব সমাজের ও শান্তিপ্রিয় নাগরিকদের জন্য আতঙ্কের এক বিপজ্জনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে৷ কাজেই ১৯৭৫ সালে জাতীয় রক্ষীবাহিনী বিলোপের মতোই র্যাব বিলোপ করা আজ সময়ের দাবি হয়ে উঠেছে৷’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এই বাহিনীর বিভিন্ন স্তরের নেতৃত্ব মূলত সশস্ত্র বাহিনী থেকে আসা অফিসারদের ওপর ন্যস্ত থাকে৷ কাজেই র্যাব কলঙ্কিত হওয়ার কারণে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সুনামও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে৷ এটা আমরা মেনে নিতে পারি না৷ এর সবকিছুর জন্যই দায়ী হচ্ছে সরকার৷ সেই দায়ভার মাথায় নিয়ে সরকারকেই র্যাব বিলুপ্ত করতে হবে৷’
খালেদা জিয়া বলেন, ‘ফেনীতে একজন উপজেলা চেয়ারম্যানকে গুলি করে মারার পর মৃতদেহ পুড়িয়ে অঙ্গার করে রাস্তায় ফেলে রাখার পৈশাচিক দৃশ্যও দেশবাসী দেখেছে৷ এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকেরা জড়িত বলে নিহত ব্যক্তির আত্মীয়স্বজন ও সংবাদপত্রের রিপোর্টে জানা গেছে৷ এসব ঘটনায় প্রশ্ন জাগে, আমরা আবার কোন অন্ধকার যুগে ফিরে গিয়েছি?’
বিএনপির চেয়ারপারসন খুন, গুম ও অপহরণ কলঙ্কের জন্য সাবেক বিচারপতি, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মীর সমন্বয়ে তদন্ত কমিশন গঠনের দাবি জানান৷
রাজধানীতে গুম ও অপহরণের শিকার হয়ে নিখোঁজ বিএনপির ২২ জন নেতা-কর্মীর পরিবারের সদস্যদের নিয়ে গতকাল বিকেল চারটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ফিরিয়ে দাও’ শিরোনামে নাগরিক সভার আয়োজন করেছিল বিএনপি৷ এতে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল৷ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়৷
বিএনপির আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘আপনি জানেন, মানুষকে বলপূর্বক গায়েব করা, খুন, বিচারবহির্ভূত হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের উপর্যুপরি ঘটনা সবার মধ্যে এক ভয়ংকর আতঙ্ক সৃষ্টি করেছে৷ এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও প্রাণরক্ষার বিষয়ে আলোচনার জন্য রাজধানীর উদ্বিগ্ন নাগরিকদের এক সভার আয়োজন করা হয়েছে৷’
পুলিশের বাধায় সভা পণ্ড হওয়ার পর সন্ধ্যায় পরিবারের সদস্যরা বিএনপির গুলশানের কার্যালয়ে যান৷ সেখানে নিখোঁজ বিএনপির নেতা তরিকুল ইসলামের মা হালিমা বেগম, মাহবুব হাসানের বাবা আবদুল জলিল, আদনান চৌধুরীর বাবা রুহুল আমিন চৌধুরীসহ কয়েকজন বক্তব্য দেন৷
বিএনপির নিখোঁজ নেতা পিন্টুর বোন রেহানা বানু বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷ তিনি বলেন, তাঁর ভাই নিখোঁজ হওয়ার পর থেকে র৵াব অফিসে ঘোরাঘুরি করেছেন৷ র৵াবের কর্মকর্তা জিয়াউল আহসানের সঙ্গে দেখা করেছেন৷ তিনি আশ্বাসও দিয়েছিলেন৷ কিন্তু দুই মাস পরও েকানো সহযোগিতা পাননি৷
রেহানা বানু বলেন, ‘রিজওয়ানা হাসানের মতো আমাদের যদি ক্ষমতা থাকত, তাহলে অামার ভাই উদ্ধার হতো৷ আমরা সাধারণ মানুষ, অামাদের দাম নেই৷’
গত ৪ ডিসেম্বর অপহরণের শিকার ছাত্রদলের নেতা সাজেদুল ইসলামের বোন মারুফা ইসলাম বলেন, ‘আমাদের সন্দেহ

নেই, র৵াব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অামার ভাইকে গুম করেছে৷ আমরা বারবার র৵াব অফিসে গিয়ে বসে থাকি৷ কিন্তু কেউ পাত্তা দেয় না৷’
সভা পণ্ড: বিএনপির দলীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভার প্রস্তুতির কাজ শুরু করেন কর্মীরা৷ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান সভার অনুমতি নেই বলে কর্মীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন৷ এরপর মিলনায়তনের দরজায় ও বাইরের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ৷
খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আয়োজক মহানগর বিএনপির অাহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ দলের নেতা-কর্মীরা সেখানে যান৷ এ সময় শিবলী নোমান ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ফখরুলকে সভার অনুমতি নেই বলে জানান৷ মির্জা ফখরুল মিলনায়তনের ভাড়ার রসিদ এবং পুলিশ কমিশনারের কার্যালয়ের সিল ও সই করা সভার অনুষ্ঠানের আবেদনের কপি দেখালে তাঁরা ফিরে যান৷
জানতে চাইলে পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার শিবলী নোমান প্রথম আলোকে বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ সভার অনুমোদন বাতিল করেছে৷ তারাই গেটে তালা লাগিয়ে দিয়েছে৷’
পরে বিএনপির নেতারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের পেছনের খালি জায়গায় চেয়ার পেতে অবস্থান নেন৷ তাঁদের ঘিরে শতাধিক কর্মী-সমর্থক দাঁড়িয়ে থাকেন৷ এ অবস্থায় তিনটি প্রিজন ভ্যানসহ পুলিশের বিপুলসংখ্যক সদস্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভেতরে-বাইরে অবস্থান নেন৷ পুলিশ সাড়ে তিনটার মধ্যে এলাকা ছাড়ার বার্তা দিয়ে নেতা-কর্মীদের আটকের জন্য তৎপরতা শুরু করে৷
এর মধ্যে বেলা সাড়ে তিনটায় প্রবীণ আইনজীবী রফিক-উল হক, অধ্যাপিকা দিলারা চৌধুরী, আ ফ ম ইউসুফ হায়দার, পিয়াস করিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ইনাম আহমদ চৌধুরী সেখানে আসেন৷ এ সময় বাংলাদেশে নিযুক্ত একজন জার্মান কূটনীতিক অবস্থানস্থলের বাইরে পুলিশ ও বিএনপির কর্মীদের জটলার সামনে কিছু সময় দাঁড়ান৷
এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের ঘরোয়া সভায় পুলিশের অনুমতির প্রয়োজন হয় না৷ এর পরও আমরা পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেছি৷ দুর্ভাগ্যজনকভাবে পুলিশ কর্তৃপক্ষ সভা করতে দিল না৷’ তিনি বলেন, এই অবৈধ সরকার কীভাবে মানুষের মৌলিক অধিকার হরণ করছে, তার বড় প্রমাণ আজকে সভা করতে না দেওয়া৷ তিনি পুলিশের এ আচরণের নিন্দা জানিয়ে কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন৷ এরপর আমন্ত্রিত অতিথি ও নেতা-কর্মীদের নিয়ে বেরিয়ে যান৷