'ফিরে এসো আফ্রিকা'র প্রকাশনা অনুষ্ঠান
খুলনায় অনুষ্ঠিত হলো ফিরে এসো আফ্রিকা অনুবাদ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের কারণে কালো মানুষের নির্মম নির্যাতনের শৈল্পিক দলিল হিসেবে বইটি রচিত হয়েছে। শত শত বছর ধরে কালো মানুষের প্রতি যে বৈষম্য, অত্যাচার ও নির্যাতন চলত, বইটির প্রতিটি গল্প তার জীবন্ত সাক্ষী।
আফ্রিকার বর্ণবৈষম্য ও মানুষের জীবনগাথা নিয়ে লেখা ফিরে এসো আফ্রিকা বইটির বাংলা অনুবাদ করেছেন ভাষাসৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহিম। ১৯৯৩ সালে মারা যাওয়ার আগে তিনি বইটির অনুবাদ করে যান।
গল্পগুলো মূল ইংরেজি থেকে অনুবাদ করা। বিদেশি গল্প হলেও এর কাহিনি ও চরিত্রগুলো জীবন্ত করে তুলেছেন লেখক। গ্রন্থটির ভূমিকায় রয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মন্তব্য।