‘ফুঁ হুজুর’ গা ঢাকা দিলেও বাড়িতে অনুসারীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রশাসনের বাধা সত্ত্বেও সেখানকার ‘ফুঁ হুজুর’ নামে পরিচিত কাজী আরমানের বাড়ি থেকে পানি পড়া নিতে আসা লোকজনকে সরানো যাচ্ছে না। প্রশাসনের ভয়ে কাজী আরমান গা ঢাকা দিলেও গতকাল সোমবারও তাঁর বাড়িতে ছিল অনুসারীদের ভিড়। ‘ফুঁ হুজুর’কে না পেয়ে তাঁর নলকূপের পানিকেই পড়া পানি মনে করে গতকাল অনেককে পান করতে দেখা গেছে।প্রশাসন কয়েক দিন আগে কাজী আরমানের আস্তানা বন্ধ করে দেওয়ার পর গত রোববার তাঁর অনুসারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ওই দিন সেখানে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও এলাকাবাসী জানান, কাজী আরমান (৬০) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামে নিজ বাড়িতে বসে এক বছর ধরে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। তিনি রোগীকে কোনো ওষুধপত্র দেন না। পানিতে ফুঁ দিয়ে সেই পানি রোগীকে খাইয়ে দেন। অনেকের বিশ্বাস, এতেই রোগ ভালো হয়। এ বিশ্বাস থেকে লোকজন দলে দলে তাঁর বাড়িতে ভিড় করতে শুরু করে। সমাজসচেতন কিছু লোক বিষয়টি প্রশাসনকে জানালে প্রশাসন কয়েক দিন আগে আস্তানাটি বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে গত রোববার তাঁর অনুসারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার এজাজ আহমেদ ঘটনাস্থলে যান। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, কাজী আরমান আলেম নন। তিনি প্রতারণার মাধ্যমে মানুষকে ঠকাচ্ছেন। তাই তাঁর আস্তানা বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানে পানি পড়ার কোনো ভিত্তি নেই। তাই আমরা কাজী আরমানকে পানি পড়া বন্ধের নির্দেশ দিয়েছি।’এদিকে গতকাল কাজী আরমানের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মগোপন করেছেন। তবে তাঁর অনুসারীরা এখনো তাঁর বাড়িতে রয়েছেন। তাঁরা বলেছেন, ‘ফুঁ হুজুর’ বাড়ি থেকে যাওয়ার আগে নলকূপে ফুঁ দিয়ে গেছেন। তাই তাঁরা ওই নলকূপের পানি সংগ্রহ করে রোগীদের খাওয়াচ্ছেন।