'ফুটপাত দখলমুক্ত করতে পারিনি'

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
ইকবাল হোসেন বলেন, ‘এলাকার ফুটপাতগুলো গত দুই বছরেও দখলমুক্ত করতে পারিনি। ফুটপাত দখলমুক্ত করতে তিনবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদের কয়েক দিনের মধ্যেই আবার দখল হয়ে যাচ্ছে। স্থায়ীভাবে দখলমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপর হওয়া প্রয়োজন।’
কাউন্সিলর বলেন, ‘কিছু এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে। কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সমস্যা এখনো রয়েছে। আমার নিজের বাড়ির সামনেও জলাবদ্ধতা হয়। জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের পাইপ বসানোর কাজ চলছে। আগামী বছর ওয়ার্ডে জলাবদ্ধতার সমস্যা থাকবে না।’
কাউন্সিলর বলেন, ‘ওয়ার্ডে উন্নয়নকাজ চলছে। সব প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন করতে পারিনি। এলাকার রাস্তাঘাট, ড্রেন উন্নয়নের কাজ শেষ হলে ওয়ার্ডের বর্তমান চিত্র অনেকটাই বদলে যাবে।’