'ফুটবল জাদুকর' আবদুল হালিমকে সংবর্ধনা
মাগুরার কৃতী সন্তান ‘ফুটবল জাদুকর’ আবদুল হালিমকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। ফুটবল নিয়ে নানা কসরত ও নৈপুণ্য দেখানোর কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুবার আবদুল হালিমের নাম ওঠে।
গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাগুরার আরেক কৃতী সন্তান ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা উপস্থিত ছিলেন।
শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সানাউল্লাহ পাটোয়ারীর ছেলে আবদুল হালিম। এলাকায় তাঁকে ফুটবলের জাদুকর বলা হয়। হালিম বলেন, ২০১১ সালের ২২ অক্টোবর মাথায় ফুটবল নিয়ে সবচেয়ে বেশি পথ ১৫ দশমিক ২ কিলোমিটার হেঁটে রেকর্ড করেন। তাঁর আগে মালয়েশিয়ার ইমিলোর ১১ দশমিক ১৩ কিলোমিটারের রেকর্ড ছিল। হালিমের বিশ্বরেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়।
২০১৫ সালের ২২ নভেম্বর তিনি মাথায় বল নিয়ে স্কেটিং করে ১০০ মিটার পথ অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড করেন, যা আগে কেউ করেনি। এ জন্য আরেকবার গিনেস রেকর্ডসে তাঁর নাম ওঠে।
অনুষ্ঠানে মাশরুর রেজা বলেন, ‘আবদুল হালিম আমাদের গর্ব। দুবার গিনেস বুকে নাম লেখানো কম কথা নয়। রাষ্ট্রীয়ভাবে তাঁর পাশে দাঁড়ানো উচিত।’
গোলাম মুর্তজা বলেন, আবদুল হালিম তাঁর ব্যক্তিগত চেষ্টায় দুটি আন্তর্জাতিক রেকর্ড করেছেন, যা আগে কারও পক্ষে সম্ভব হয়নি। রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে তাঁকে সম্মান ও স্বীকৃতি দিতে হবে। ব্যক্তিগতভাবে আবদুল হালিমের জন্য যেকোনো সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন। মাশরাফির বাবা হিসেবে মাশরাফির পক্ষ থেকেও তিনি এ অঙ্গীকার করছেন।
আবদুল হালিম সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তিনি সরকারিভাবে কোনো অনুদান বা সহযোগিতা পাননি।
জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘আবদুল হালিম গিনেস বুকে নাম লিখিয়ে বাংলাদেশকে পৃথিবীর কাছে তুলে ধরেছেন। বাংলাদেশকে সম্মানিত করেছেন। অথচ স্কুলপড়ুয়া দুই ছেলে, স্ত্রী ও বৃদ্ধ বাবাকে নিয়ে তাঁর অভাবের সংসার চলছে টিমটিম করে। স্থায়ী কোনো আয় নেই। এটা আমাদের জন্য অসম্মানের। সবার সহযোগিতা পেলে তাঁরা কাজটি করতে পারবেন।’
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে অস্থায়ী ভিত্তিতে চাকরি পাওয়া শারীরিক প্রতিবন্ধী মনিরা খাতুনকে নিয়োগপত্র দেওয়া হয়।