
‘ফুড জোন’ হিসেবে পরিচিত পাওয়া খিলগাঁওয়ের তালতলার রেস্তোরাঁগুলোতে আছে ইফতারির বাহারি আয়োজন। তবে এখানকার রেস্তোরাঁগুলোর আয়োজন কিছু ভিন্নধর্মী। ছোলা, চপ, পেঁয়াজু, বেগুনি, কাবাবসহ পরিচিত পদের চেয়ে এখানে বেশি পাওয়া যায় চিকেনের তৈরি ইফতারি। আর রেস্তোরাঁগুলোও দিচ্ছে নানা রকমের অফার।
এখানকার কেএফসি, বিএফসি, এফএফসি, এপেলিয়ানো, বেসিলকো, দিল্লি দরবার রেস্টুরেন্ট, বেইলি পিঠাঘর, ঠান্ডা গরম, সাব লাভারস, ক্যাফে ৫, সিক্স, ৭, প্রেসলি দা বেকার, ফুড ক্রাফট, খাদক ডটকম, ডরজো, চিপ অ্যান্ড ট্রিপ, চিকেন, পেটুক, শর্মা রেস্টুরেন্ট কিং, ব্লুমেন, রয়েল অর্চিড, টুনিক বাইট, কমিক ক্যাফে, কাবাব ইন্ডাস্ট্রি, গ্রিন্ড হাউস, ফাইভ স্টার, দ্য ডাইনিং জোন, ইন্ডিয়ান অ্যান্ড মেক্সিকান ফুড, গোল্ডেন গেটসহ সব রেস্তোরাঁয় আছে ইফতারির বিশেষ আয়োজন।
ইফতারির বিশেষ অফার দিয়েছে কেএফসিসহ বেশির ভাগ ফাস্টফুড শপ।
খিলগাঁওয়ের এসব খাবারের দোকান আগে জমত বিকেলে। পবিত্র রমজান মাসে এখন সেগুলোতে ইফতারির আয়োজন।
ক্যাফে চেরি ড্রপসের মালিক সাব্বির আহমেদ খান জানান, তাঁর দোকানে ইফতারির মূল পদ ‘আনলিমিটেড পিজ্জা’। বিশেষ অফার হিসেবে এর মূল্য ধরা হয়েছে ৬৯৯ টাকা। সঙ্গে যত খুশি পানীয়েরও অফার আছে। এ ছাড়া নিয়মিত আয়োজন হিসেবে থাকছে সেট মেন্যু। এ ছাড়া তাঁদের এখানে আছে আপেল, মাল্টা এবং লেবুর শরবত।
বোন অ্যাপেটিট নামের দোকানের সামনে ইফতারির দোকান দিয়েছে আক্কাস ক্যাটারিং। তারা বিক্রি করছে নান রুটি, কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস আর খাসির মাংস ভুনা। একই সঙ্গে আছে ইফতারির অন্যান্য পদও।
রয়েল অর্কিডের মো. আমিন বলেন, তাঁদের তৈরি ইফতারি রেস্তোরাঁর ভেতরে সাজানো আছে। তিনি বলেন, এখানকার ইফতারির বাজার এখনো তেমন জমেনি।
তবে তালতলা মার্কেটের ভেতরের খোলা জায়গায় বিক্রি হচ্ছে ইফতারির পরিচিত পদগুলো। এখানকার দেলোয়ার ফাস্টফুডে ছোলার সঙ্গে পাওয়া যাচ্ছে শিঙাড়া, সমুচা, বিভিন্ন ধরনের চপ, চিকেন ও বিফ মাটন, টানা পরোটা, নিমকি, হালিম, জিলাপিসহ প্রায় ৩০ পদের ইফতারি। পানীয় আছে বোরহানি, মাঠা আর লাবাং। এগুলো প্রতি লিটার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়।
এখানে জিলাপি বিক্রি করেন আসমা বেগম। তিনি বললেন, এখানকার জিলাপিই বিশেষ খাবার। শাহি জিলাপি, রেশমি জিলাপি ও বোম্বে জিলাপি বিক্রি হয় এখানে। রেশমি জিলাপি এক কেজি বিক্রি হয় ১২০ টাকায়।
এখানে কথা হয় জাহেদি জিয়াম নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি জানালেন, তাঁর পরিবারের সদস্যসংখ্যা বেশি। তিনি এক কেজি রেশমি জিলাপি কিনেছেন। সঙ্গে অন্য ইফতারিও কিনবেন।