‘ফুল ছিটিয়ে আমাকে খুশি করা যাবে না’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘ফুল ছিটিয়ে আমাকে খুশি করা যাবে না। আমাকে খুশি করতে চাইলে কাজ দেখাতে হবে। প্রকৃত ক্ষুদ্র বিনিয়োগকারীদের খুঁজে বের করে ঋণ দিতে হবে। উদ্যোক্তা তৈরি করাও ব্যাংকারদের কাজ।’ গতকাল শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে ব্যাংক অফিসার্স ক্লাবের উদ্যোগে ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ২২টি ব্যাংকের পক্ষ থেকে ৬০ জন ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে এক কোটি ৩৭ লাখ ৩২ হাজার টাকার ঋণ (চেক) বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, কৃষিঋণের ফলে আদা, রসুন, পেঁয়াজ—এসব পণ্যের উৎপাদন ভালো হচ্ছে। কিন্তু এসবের মার্কেটিং (বাজারজাত) ব্যবস্থা ভালো না। শুধু ঋণ দিলে হবে না, ব্যাংকারদের মার্কেটিং-ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এ ছাড়া শুধু ফসলের জন্য ঋণ দেওয়াই কৃষিঋণ নয়। ফসল সংরক্ষণের জন্য গুদাম তৈরি, পরিবহনের জন্য ঋণ প্রদান—এ বিষয়গুলোও কৃষিঋণের অংশ। আতিউর রহমান মৌলভীবাজারের আগরচাষিদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, আগরচাষিদের নানাভাবে সুবিধা দেওয়ার জন্য ব্যাংকের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। এ জন্য আগরকে অপ্রচলিত পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক সুলতান আহাম্মদ। স্বাগত বক্তব্য দেন ব্যাংক অফিসার্স ক্লাবের সভাপতি কে এম ওয়াহিদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, অগ্রণী ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম, ন্যাশনাল ব্যাংক লিমিটেড সিলেটের উপপরিচালক এ কে এম শফিকুর রহমান, পূবালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মামুন বখত, নারী উদ্যোক্তা রোকেয়া মাহবুব চৌধুরী। সভায় হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।