'ফুল টাইম কাজ করে যাচ্ছি, এটা বড় ভাগ্যের ব্যাপার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৪-তে পা দিয়েও কর্মময় ও প্রাণবন্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ছবি:
৮৪-তে পা দিয়েও কর্মময় ও প্রাণবন্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ছবি:

৮৪ বছরে পা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতটা পথ পাড়ি দেওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘৮৩ পূর্ণ হলো। কাজ করে যাচ্ছি। ফুল টাইম কাজ করে যাচ্ছি, এটা বড় ভাগ্যের ব্যাপার। পরম করুণাময় আল্লাহর অশেষ কৃপার ব্যাপার। আমি আগেও বলেছি, জীবন নিয়ে আমি খুব সন্তুষ্টির মধ্যে আছি। অনেক কাজ করা যায় না। দ্যাট ইজ লাইফ। আই এম শিওর, মানুষের দোয়া, গুরুজনের দোয়া, মা-বাবার দোয়া আমার ওপর আছে।’
বর্ণাঢ্য জীবনের অধিকারী অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, মানুষ কেন তাঁকে মনে রাখবে? জবাবে তিনি বলেন, ‘আমাকে মনে রাখার যথেষ্ট কারণ আছে। ধারাবাহিক ভালো জিডিপি প্রবৃদ্ধি ও বড় বাজেট দিয়ে আমাকে মনে রাখা যাবে।...দেশ নিয়ে খুব ভালো স্বপ্ন দেখি। বাংলাদেশ অনেক দূর যাবে।’
জন্মদিন উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও অর্থমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা। মন্ত্রী কেক কাটেন। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী।

এত দীর্ঘ বয়সের অর্থমন্ত্রী বিশ্বে আর নেই—সাংবাদিকদের এমন মন্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘না নেই। একসময় চীনে বয়স্ক লোকজন মন্ত্রী হতেন। এখন চীনেও হয় না।’

‘অর্থমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হওয়ার নজির অনেক দেশেই দেখা গেছে। আপনার ক্ষেত্রে সে রকম কি হতে পারে?’—এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, হলে হতে পারে। তবে আমার ইচ্ছে করে না।’

প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন, ‘ভারতের মনমোহন সিং তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আমি কী হলাম?’—সাংবাদিকেরা এটা জানালে অর্থমন্ত্রী বলেন, ‘আমার সে ধরনের কোনো ইচ্ছে নেই। মনমোহন সিং সাদাসিধে মানুষ; যুগ্ম সচিব, গভর্নর হয়ে অর্থমন্ত্রী হয়েছিলেন, তারপর প্রধানমন্ত্রী হয়েছিলেন।’

এ সময় আর্থিক খাতে বড় ধরনের কোনো সংস্কার আসবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘খুব বেশি সংস্কার হওয়ার কিছু নেই। বড় ধরনের কোনো সংস্কার হবে না।’

আরও পড়তে ক্লিক করুন: