'ফুলবাড়ীবাসীর সঙ্গে করা চুক্তি বাস্তবায়ন হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ১০ বছর পেরিয়ে গেলেও ফুলবাড়ীবাসীর সঙ্গে করা ছয় দফা চুক্তি আজও বাস্তবায়িত হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বাসদ আয়োজিত ‘ফুলবাড়ী দিবসের ১০ বছর এবং আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিল, তারা ফুলবাড়ীর এই আন্দোলনের বিরোধিতা করেছিল। আর যারা বিরোধী দলে ছিল, তারা এই আন্দোলনকে সমর্থন করেছিল। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আন্দোলনকারীদের সঙ্গে ছয় দফা চুক্তি করলেও আজও তা বাস্তবায়িত হয়নি। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ফুলবাড়ীবাসীর এই আন্দোলনের প্রতি স্যালুট জানিয়ে ছয় দফাকে সমর্থন জানালেও ক্ষমতায় এসে তিনিও প্রতিশ্রুতি রক্ষা করেননি। কিন্তু দুঃখের বিষয়, আজও ফুলবাড়ীর মানুষ তাদের আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি, তবে পিছুও হটেনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ গুপ্ত। বক্তব্য দেন তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আলতাফ হোসাইন, মোশাররফ হোসেন, গৌতম কুণ্ডু, আনোয়ার আলী, বদিউজ্জামান বাদল।