‘ফেনসিডিল বন্ধ করতে না পারলে তরুণ সমাজ হারিয়ে ফেলব’
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতি শওকত হোসেন বলেছেন, ‘সর্বগ্রাসী হয়ে আসছে ফেনসিডিল। তা বন্ধ করতে হবে। নইলে তরুণ সমাজকে আমরা হারিয়ে ফেলব। এ জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।’ তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অদম্য ইচ্ছা যাদের আছে, তারা পৃথিবী জয় করতে পারবে। রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত এসএসসি, দাখিল পরীক্ষায় জিপিএ ৫ ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিচারপতি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের জীবন গড়ার এখনই সময়। মেধার সঙ্গে পরিশ্রম থাকতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার, আনিছুর রহমান, হেমন্ত সরকার, মাহফুজার রহমান, আনোয়ারুল হক, রফিকুর রহমান, মোহসিনা বেগম প্রমুখ।পরে বিচারপতি ১৭৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।