'ফেনিউরিজম'
ফেনীতে পর্যটন বিকাশে এবং সৃজনশীল উপায়ে তরুণসমাজকে জেলার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে শেখানো ও জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণের সুযোগ পাবেন তরুণেরা। জেলা প্রশাসনের এটি একটি সৃজনশীল নতুন উদ্যোগ। নাম দেওয়া হয়েছে ‘ফেনিউরিজম’ (ফেনী+ট্যুরিজম)।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ধারণাটি তুলে ধরেন। তিনি বলেন, জেলার অভ্যন্তরীণ পর্যটনের মাধ্যমে তরুণসমাজকে জেলার ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর জন্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো পরিভ্রমণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্যাকেজ ট্যুর আয়োজনের মধ্য দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিজ জেলার ইতিহাস ও ঐতিহ্য হাতেকলমে মজা করে জানানো এবং শেখানোর জন্য এটি একটি নতুন এবং ব্যতিক্রমী উদ্যোগ। বিশেষ করে ঐতিহাসিক বিজয় সিংহ দিঘি, রাজাঝির দিঘি, শমসের গাজীর দিঘি, কৈয়ারা দিঘি, পীরে কামেল পাগলা মিয়ার মাজার, সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প, বায়ুবিদ্যুৎ প্রকল্প, চাঁদগাজী ভূঞা মসজিদ, শর্শদী শাহি মসজিদ, ফুলগাজীর দোলমন্দির, শিলুয়ার শীলপাথর, বিলোনিয়ার সম্মুখযুদ্ধ উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন উপস্থিত ছিলেন।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে সাইকেল শোভাযাত্রা, শহরের পিটিআই মাঠে অনলাইনে পর্যটনের নিবন্ধনের আনুষ্ঠানিক সূচনা ও ফেনিউরিজম উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।