‘ফেরদৌস তুই আমারে কী করলি, আম্মু আমি শেষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোহেল যখন ঘরে আসত, সারাক্ষণ আম্মু শব্দটি ওর মুখেই থাকত। আম্মু এটা করো, ওটা করো। বৃহস্পতিবার রাতে ও ভাত খাচ্ছিল। তখন ওর সহপাঠী ফেরদৌস আমাদের ঘরে আসে। খাওয়া শেষ না করেই গায়ে জামাটা জড়িয়ে সহপাঠী ফেরদৌসের সঙ্গে বের হয়। এর কিছুক্ষণ পরই চিৎকার শুনি। বাড়ির সামনের রাস্তায় দৌড়ে গিয়ে দেখি রক্তের ছাপ। ছেলে আমার কাতরাচ্ছে। আর বলেছিল, “ফেরদৌস তুই আমারে কী করলি। আম্মু গো, আমি শেষ। আমাকে বাঁচাও, আমাকে হাসপাতালে নিয়ে যাও।” চোখের সামনে ছটফট করে মরে গেল আমার সোহেল। আমার কোল থেকে কেড়ে নিয়ে ওরা ছুরি দিয়ে গুঁতিয়ে মারল। নিজের চোখে ছেলের মৃত্যুযন্ত্রণা দেখেছি। এ দৃশ্য কোনো দিন ভুলব না।’ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদের মা আলেয়া বেগম বিলাপ করে এসব কথা বলেছেন। পরিবারের বড় ছেলেকে হারিয়ে বাড়ির সবাই দিশেহারা। গতকাল শুক্রবার সকালে হাসপাতাল থেকে মরদেহ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বলরামপুর গ্রামের বাড়িতে আনার পর ওই দৃশ্য দেখা গেছে। বিকেল সাড়ে চারটায় বলরামপুর গ্রামে জানাজা শেষে সোহেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ওই জানাজায় শরিক হন কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ জেলা ও পলিটেকনিকের ছাত্রলীগের নেতা-কর্মীরা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টায় সোহেলকে কুপিয়ে হত্যা করে তাঁর সহপাঠীরা। এ ব্যাপারে সোহেলের বাবা সেলিম মিয়া চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের নামে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন: কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম জান্নাতুল ফেরদৌস (২৮), রিমন (২২), রুবেল (২৪) ও শরীফ (২৬)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিমনকে বৃহস্পতিবার রাত ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমনকে গতকাল শুক্রবার সকালে কুমিল্লার আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শিক্ষার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া জানান, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুটি ধারা রয়েছে। সোহেল আহমেদ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানের অনুসারী। গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের আলমগীর ছাত্রাবাসে অস্ত্র রাখা নিয়ে ওই প্রতিষ্ঠানের সাবেক সহসভাপতি (ভিপি) জহিরুল ইসলামের অনুসারী ফেরদৌস ও রিমনের সঙ্গে সোহেল আহমেদের কথা-কাটাকাটি হয়। সোহেলসহ ছাত্রলীগের নেতারা অস্ত্র রাখার বিরোধিতা করেন। একপর্যায়ে রিমনকে চড় মারেন সোহেল। ওই ঘটনার জের ধরে রাত সাড়ে আটটায় চাপাতি-ছুরি নিয়ে ফেরদৌস ও রিমন মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বলরামপুর গ্রামে যান। ফেরদৌস, রিমন, রুবেল ও শরীফ সড়কের সামনে বাহন রেখে সোহেলের বাড়িতে যান। ওই সময় সোহেল ভাত খাচ্ছিলেন। ভাত খাওয়া বন্ধ রেখে সোহেল ও তাঁর সহপাঠীরা বাড়ির উঠানে ১০ মিনিটের মতো কথা বলেন। পরে সোহেল ঘর থেকে জামা নিয়ে তাঁদের সঙ্গে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন বের হয়। ততক্ষণে সব শেষ হয়ে যায়। বাড়ির লোকজন সড়কে গিয়ে দেখে, সোহেলের পুরো শরীর রক্তাক্ত। পেটে, বুকে ও হাতে ছুরির আঘাতের একাধিক চিহ্ন। পরে হাসপাতালে নেওয়ার পথে সোহেল মারা যান। মামলার আসামিরা সবাই কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি (ভিপি) জহিরুল ইসলামের অনুসারী। জহিরুল কুমিল্লা জেলা পুলিশের ১ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। সোহেলের বাবা সেলিম মিয়া এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। তাঁর তিন ছেলের মধ্যে সোহেল সবার বড়। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহাগ আলী ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। আসামি ও তাঁদের পৃষ্ঠপোষকদের মুঠোফোন বন্ধ ও গা ঢাকা দেওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।