'ফেরিতে চড়ব মা, লঞ্চে যাব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কখনো ফেরিতে চড়ি নাই, মা। এবার ফেরিতে চড়ে বাড়ি যাব। লঞ্চে যাব না।’
মায়ের কাছে এমন আবদার করেছিল ছয় বছরের মারজানা। কিন্তু তার আবদার রাখেননি বড়রা।
মারজানাকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পদ্মা পার হওয়ার জন্য লঞ্চে চড়তে হয়। পরে দুর্ঘটনার শিকার হয় লঞ্চটি। মৃত্যু হয় মারজানা, তার বোন পারুল আক্তার (২১) ও ভাই মাসুম মোল্লার (১২)।
লঞ্চডুবি থেকে বেঁচে যাওয়া মা বেদানা বেগম (৪৮) গতকাল সোমবার তাঁর মেয়ে মারজানার কথাগুলো বলে বিলাপ করছিলেন।
বেদানার আরেক ছেলে নান্নু জানান, তাঁদের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেতেঙ্গা গ্রামে। মা ঢাকার একটি হোটেলে ও বোন পোশাক কারখানায় চাকরি করতেন। সবাই ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন।
কান্না থামছে না আরও দুই পরিবারে: একটি পরিবারের কর্তা নূর হোসেন। বাড়ি গোয়ালন্দ উপজেলার তেনাপচা গ্রামে। তিনি গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল। কর্মস্থল মানিকগঞ্জ জেলা সদর। নানিশাশুড়ির মৃত্যুর খবর পেয়ে স্ত্রী রুমা আক্তার (২৫), ছেলে উৎসব (৭) ও আড়াই মাসের মেয়েশিশু উষ্ণকে নিয়ে রোববার রাজবাড়ীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তাঁর সঙ্গে মোটরসাইকেল ছিল। তাই ওঠেন ফেরিতে। স্ত্রী-সন্তানদের তুলে দেন লঞ্চে। দৌলতদিয়ায় পৌঁছে খবর পান কার্গোর ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। মারা গেছেন স্ত্রী ও দুই সন্তান।
অন্য পরিবারটি ফারুক খানের। তিনি গোয়ালন্দ শহরের আদর্শ গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। স্ত্রী সুফিয়া বেগম (৩২), শাশুড়ি নবিরজান বেগম (৬০), ছেলে সুমন খান (১৩) ও এক মাস ২২ দিনের কন্যাসন্তান স্মৃতিকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে রোববার ওই লঞ্চে ফিরছিলেন। দুর্ঘটনায় স্ত্রী, শাশুড়ি ও শিশুকন্যাকে হারান তিনি।
গতকাল সকালে উপজেলার আদর্শ গ্রামে ফারুকের বাড়িতে গিয়ে দেখা যায়, কাফনে মোড়ানো তাঁর স্ত্রী, শাশুড়ি ও শিশুকন্যার লাশ। স্বজনদের অঝোর কান্নায় সেখানে সমবেত প্রায় সবার চোখ ভিজে আসে। লাশগুলোর পাশে নির্বাক দাঁড়িয়ে থাকেন ফারুক। তাঁর চোখ থেকে গড়িয়ে নামছে জলের ধারা। পাশে বড় মেয়ে ও বেঁচে যাওয়া ছেলে স্থানীয় আইডিয়াল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সুমন। নানি, মা ও আদরের ছোট্ট বোনটিকে বাঁচাতে না পেরে সুমনও যেন বাকরুদ্ধ।
শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট থেকে এমভি মোস্তফা রোববার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ১৫ মিনিট পরই কার্গো জাহাজ নার্গিস-১-এর ধাক্কায় লঞ্চটি পাটুরিয়ার অদূরে পদ্মায় ডুবে যায়। যাত্রীরা বলছেন, লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল।