রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব
'ফেসবুক ব্যবহার যেন অভ্যাসে পরিণত না হয়'

পার্বত্য অঞ্চলে গণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে যথাযথ শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি বলেন, বাস্তবতা সামনে রেখে শিক্ষাকে এগিয়ে নিতে হবে। গতকাল শনিবার রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
একই অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ফেসবুক ব্যবহার যেন অভ্যাসে পরিণত না হয়। তিনি বলেন, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সুশিক্ষিত নারী, মা ও সুশিক্ষিত জাতি উপহার দিচ্ছে।
সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা জানাতে গতকাল সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। বক্তব্য দেন রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক, রাঙামাটি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. রিদোয়ান উল হক, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অঞ্জুলিকা খীসা ও সহকারী প্রধান শিক্ষক নিরুপা চাকমা, বর্তমান প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মুজিবুল হকের মেয়ে কাউসার জাহান প্রমুখ।
অনুষ্ঠানে সন্তু লারমা বলেন, পার্বত্য অঞ্চল নানা সমস্যায় জর্জরিত। শাসকগোষ্ঠী তাদের স্বার্থে পার্বত্য অঞ্চলের অনেক কিছু আড়াল করে এবং বৈষম্য করে বলে অভিযোগ করেন তিনি।
উৎসবের দ্বিতীয় দিনেও পুরোনো বান্ধবীদের সঙ্গে হাসি, আড্ডা, আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটিয়েছন প্রাক্তন শিক্ষার্থীরা। আইভি দেওয়ান, ফাহমিদা আফরোজ, প্রতিমা চাকমা ও জয়া চাকমা প্রথম আলোকে বলেন, তাঁরা চার বন্ধু এই উৎসবে এসে আবার যেন স্কুলজীবনে ফিরে গেছেন।
উৎসবে ৪৫ জন গুণীজন শিক্ষক-শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রভাষক ফারহানা বিনতে আজিজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক নিলুফা আক্তার জাহান, নৃত্যশিল্পী বন্দনা দে, লাকী দে, তানজিনা নওশীন, চৈতালী সমদ্দার। এ ছাড়া অভিনেত্রী অপর্ণা ঘোষ, নৃত্যশিল্পী ফিফা চাকমা, নারী ফুটবলার জয়া চাকমাসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।