‘ফোর্স রিজার্ভ’-এর ব্যাখ্যা দিলেন জামায়াত নেতা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত বুধবার তাঁর দেওয়া আলোচিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ওই দিন তিনি ‘শক্তি সঞ্চয়’ বলতে দলের উত্তরোত্তর জনসমর্থন বৃদ্ধি এবং ‘ফোর্স রিজার্ভ আছে’ বলতে রাজপথের বাইরের ‘জনশক্তিকে’ বুঝিয়েছেন।গতকাল শুক্রবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ব্যাখ্যা দেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মোহাম্মদ তাহের। গত বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘সরকার সব কিছুতেই বাড়াবাড়ি করছে। কিন্তু ভুলে গেলে চলবে না, জামায়াতের দেড় থেকে দুই কোটি সমর্থক রয়েছে। ফোর্স রিজার্ভ আছে, যথাযথ সময়ে যথাযথ ব্যক্তি ও সরকারের ওপর প্রয়োগ করা হবে।’গতকালের সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা দাবি করেন, তাঁর বক্তব্যের কিছু অংশের বিভ্রান্তিমূলক ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমার বক্তব্যটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক। প্রধানমন্ত্রী বা অন্য কারও জীবননাশের হুমকি প্রদানের প্রশ্নই আসে না।’ আইন প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন বলে মন্তব্য করেন তিনি।মোহাম্মদ তাহের বলেন, ‘আমি বলেছিলাম, আমাদের ওপর রাজনৈতিক নিপীড়নের কারণে জনসমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এটাকে সংগঠিত করাকেই শক্তি সঞ্চয় হিসেবে বোঝানো হয়েছে।’ ফোর্স রিজার্ভ সম্পর্কে তিনি বলেন, ধরপাকড়ের কারণে জামায়াত রাজনৈতিক কর্মসূচিতে সব সমর্থককে সম্পৃক্ত করতে পারেনি। ফোর্স রিজার্ভ বলতে তিনি সেটাকেই বুঝিয়েছেন।