‘ফ্যান না থাকলে কাস্টমার ঢুকতে চায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিদিন লোডশেডিং তো আছেই। এর মধ্যে আবার বিদ্যুতের দাম বাড়াইছে। দুই মাস আগেও বিল দিতাম ১২০ টাকা। এখন দেওয়া লাগে ২০০, ২১০ টাকা।’এ কথাগুলো বলেন মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকার একটি দোকানের কর্মচারী মো. জসিম উদ্দিন। বর্তমান বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ে আলাপ হচ্ছিল তাঁর সঙ্গে। এ সময় যোগ দিলেন মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার বাসিন্দা চাকরিজীবী শেখর রায় চৌধুরী। তিনি বলেন, দিন দিন বিদ্যুতের দাম বাড়ছে। আর সেবা কমছে। বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ে গতকাল রোববার মৌলভীবাজার শহরের বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথা হলো। অধিকাংশ মানুষই লোডশেডিং নিয়ে বিরক্ত। শহরের চৌমোহনা এলাকার কোর্ট রোডের বাসিন্দা সৈয়দ মুজিবুর রহমান জানান, বিদ্যুৎ চলে যাওয়ার আতঙ্কে তাঁর স্কুলপড়ুয়া ছেলে হাতের কাছে হাতপাখা নিয়ে ঘুমায়। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন আশরাফ উদ্দিন। থাকেন শহরের শমশেরনগর সড়কের একটি ভবনে। তিনি বলেন, ‘বিদ্যুৎ আসা-যাওয়ার হিসাব রাখার সুযোগ নেই। দিনে-রাতে হুট করেই বিদ্যুৎ আসছে, আবার চলে যাচ্ছে। বড় সমস্যা হয় পানি নিয়ে। বিদ্যুৎ না থাকলে পানিও থাকে না।’শহরের পূর্ব গীর্জাপাড়া এলাকায় থাকেন কলেজশিক্ষক সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ একটা বিরাট সমস্যা। যখনই কম্পিউটারে কাজ করার জন্য বসি, চট করে বিদ্যুৎ চলে যায়। তখন ইচ্ছা করে কম্পিউটারটাই ভেঙে ফেলি।’ শহরের টিসি মার্কেট এলাকার অভি ইলেকট্রনিকসের ব্যবস্থাপক সুফি আহমদ বলেন, ‘আগে সকালে লোডশেডিং হতো না। এখন সকালেও হচ্ছে।’ বাসার ফ্রিজ, টেলিভিশন নিয়ে আতঙ্কের মধ্যে থাকেন শান্তিবাগ এলাকার বাসিন্দা অজয় দেব রায়। শহরের শমশেরনগর সড়কে একটি খাওয়ার হোটেল পরিচালনা করেন আবদুল বাছিত। তিনি বলেন, ‘হোটেলে পানি ও ফ্যান হচ্ছে জরুরি। ফ্যান না থাকলে কাস্টমার ঢুকতে চায় না। এতে ব্যবসার লস।’