'ফ্রি ফ্রাইডে'র নিরন্তর সেবা
বিনা মূল্যে চিকিৎসাসেবা। কোনো বিশেষ দিন উপলক্ষে গরিব-অসহায়দের জন্য এ রকম আয়োজন সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগেই সাধারণত দেখা যায়। ১১ জন পেশাজীবী এক বছর আগে এ রকম এক দিনের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেন।
ওই দিনের অভিজ্ঞতায় তাঁদের মনে হলো এ আয়োজন এক দিন নয়, ধারাবাহিকভাবে করা দরকার। সেই থেকে শুরু। সপ্তাহের এক দিন শুক্রবারকে বেছে নিয়ে এক সপ্তাহ পর পর বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ১১ জনের মিলিত এ উদ্যোগের নাম দিয়েছেন তাঁরা ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’।
সিলেট নগরের রায়নগর রাজবাড়ী এলাকার মিতালী আবাসিক এলাকায় চলা চিকিৎসাসেবা কার্যক্রম এক বছর পূর্ণ করে দুই বছরে পা দিয়েছে গতকাল শুক্রবার। বছর পেরিয়ে চলায় এলাকাবাসীর কাছে এর পরিচিতি ‘ফ্রি ফ্রাইডে’ নামে। গত এক বছরে ফ্রি ফ্রাইডের চিকিৎসা নিয়েছেন এক হাজার ৬৭৯ জন রোগী। দুই বছরে পদার্পণের দিন গতকাল ৭০ জন রোগী সেবা নেন। বিনা মূল্যে চিকিৎসাসেবার সঙ্গে ওষুধও পাওয়ায় এলাকার গরিব মানুষের আরেক ভরসায় পরিণত হয়েছে এটি।
উদ্যোক্তারা জানান, ২০১৩ সালের মার্চ মাসের প্রথম শুক্রবার এক দিনের জন্য তাঁরা বিনা মূল্যে চিকিৎসাসেবার সঙ্গে ওষুধপথ্য দিয়েছিলেন। ওই দিনের আয়োজন শেষে চিকিৎসক ও রোগীদের পরামর্শে তাঁরা এক শুক্রবার পরপর এ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন। ৪ এপ্রিল তাঁদের ধারাবাহিক এ উদ্যোগ এক বছর পূর্ণ করে। ওই দিন বছরপূর্তির অনুষ্ঠান করে গতকাল শুক্রবার থেকে দ্বিতীয় বছরের প্রথম ফ্রি ফ্রাইডে পরিচালনা করা হয়।
গতকাল সরেজমিনে দেখা গেছে, মিতালী আবাসিক এলাকার ২৬ নম্বর বাড়ির আঙিনার চেহারা যেন স্বাস্থ্যকেন্দ্রে রূপ নিয়েছে। আঙিনার এক কোণে বসানো হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের দপ্তর। পাশেই একটি টেবিলে ওষুধপথ্য। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সরবরাহ করা হয় ওষুধ।
নগরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক দম্পতি আবদুল হাফিজ ও সওদা বেগম। যেদিন বেশি নারী রোগী থাকেন, সেদিন সওদা বেগম চিকিৎসক হিসেবে বেশি সময় ব্যয় করেন।
তিনি বলেন, ‘গরিব মানুষকে হাতের নাগালে চিকিৎসা পেতে এখন আর কোনো বিশেষ দিনের উপলক্ষ খুঁজতে হচ্ছে না। এক সপ্তাহ পরপর এ সেবা পাওয়ায় তাঁরা উপকৃত হচ্ছেন দেখে নিজেরও ভালো লাগছে।’
ব্যক্তিগতভাবে অর্থসহায়তা দিয়ে এ উদ্যোগ অব্যাহত রাখা ১১ জন হচ্ছেন মিতালী আবাসিক এলাকার বাসিন্দা সাব্বির আহমদ চৌধুরী, আবদুস ছাত্তার, নুরুল আনাম খান, ফারুক আহমদ চৌধুরী, দিলওয়ার হোসেন, এমদাদুল হক, আনোয়ার হোসেন চৌধুরী, আবদুর রহমান, জাবেদ চৌধুরী, রুহুল আমীন ও নাজমুল হক। তাঁদের মধ্য থেকে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ পরিচালনায় একটি কমিটিও রয়েছে। সাব্বির আহমদ চৌধুরী এ কমিটির আহ্বায়ক, সদস্যসচিব নাজমুল হক।
নাজমুল হক বলেন, ‘আমরা উদ্যোক্তারা নানা কাজে ব্যস্ত থাকি। এক বছর ধরে এ সেবা দেওয়ায় এখন শুক্রবার এলেই আমরা কেউ না কেউ এ কাজটা করার জন্য প্রস্তুত থাকি। বলতে পারেন চিকিৎসকসহ আমরা উদ্যোক্তারাও ফ্রি ফ্রাইডে উপভোগ করি।’