'বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, পৃথিবীকে অশুভ মানুষের দখল থেকে মুক্ত করার হাতিয়ার হচ্ছে বই। বই মানে আলো। বই মানুষের জীবনকে সুন্দর করে।

আজ শুক্রবার চট্টগ্রাম মহানগরের মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ও কলেজ প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
বছরজুড়ে বইপড়া কর্মসূচিতে উৎকর্ষতার পরিচয় দেওয়া শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।
আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বই মানুষকে আলোকিত করে। তোমাদের হৃদয় সুন্দর হোক, তোমাদের ভাষা সুন্দর হোক, তোমাদের জীবন সুন্দর হোক। সে জীবন দিয়ে তোমরা যে বাংলাদেশ গড়বে তা যেন সুন্দর হয়।
অনুষ্ঠানে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। যত বেশি পড়বে, তত ঐশ্বর্যবান হবে। বিশ্বসাহিত্য কেন্দ্র আলোকিত মানুষ, মাধুর্যমণ্ডিত মানুষ তৈরি করছে। আবদুল্লাহ আবু সায়ীদ শুধু শিক্ষার্থীদের কাছে নয়, বাংলাদেশের সবার কাছে বিশ্বসাহিত্যকে পৌঁছে দিয়েছেন।
সকাল ও বিকেল দুই পর্বেই শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সকাল নয়টায় মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নানা ধরনের বই পড়তে হবে। বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়াকে যেভাবে আন্দোলনে রূপান্তরিত করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিকে আরও বেশি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
দুই পর্বের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, শিশু সাহিত্যিক আলী ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজিয়া আখতার, গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপনসিবিলিটি দেবাশীষ রায়, বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগরের সংগঠক আলেক্স আলীম প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের ৮০টি বিদ্যালয়ের পাঁচ হাজার ৩১৬ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এদের মধ্যে সেরা পাঠক পুরস্কার পেয়েছে ১৩৮ জন।