'বই হৃদয়কে সুন্দর করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বই মানুষের হৃদয়কে সুন্দর করে, জীবনকে সমৃদ্ধ করে। আর সমৃদ্ধ হৃদয়ের মানুষেরাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে। তোমরা বই পড়ে হৃদয়কে সমৃদ্ধ করার মাধ্যমে দেশকে উন্নত করবে-এটাই আমাদের প্রত্যাশা।’ বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদের বই নিয়ে এমনই ভাবনা। 

আজ শুক্রবার রাজধানীর রমনার বটমূলে বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম ২০১৫-এর আওতায় দুই দিনব্যাপী পুরস্কার বিতরণী উৎসব শুরু হয়েছে।
আবদুল্লাহ আবু সায়ীদ আমন্ত্রিত অতিথিদের নিয়ে রঙিন বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, ফেসবুক, টুইটার কখনোই বইয়ের স্থান নিতে পারবে না। এগুলো হালকা জিনিস, মানুষ এগুলোর কাছে গেলেও আবার বইয়ের কাছে ফিরে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জামিলুর রেজা চৌধুরী বলেন, বই পড়ার লাভ হচ্ছে, এতে জ্ঞানের পরিধি বাড়ে। মনের ভিত্তি শক্ত হয়। এর ফলে যেকোনো সংকট মোকাবিলা সহজ হয়। তাই বই পড়ার কোনো বিকল্প নেই। উপস্থিত শিক্ষার্থীদের সব ধরনের বই পড়ার পরামর্শ দেন তিনি।
পুরস্কার নিতে আসা শিক্ষার্থীদেরকে লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বিশ্বের যত বড় বড় লেখক আছেন, তাঁরা তোমাদের বন্ধু, রবীন্দ্রনাথ তোমাদের বন্ধু, নজরুল তোমাদের বন্ধু, সুকান্ত তোমাদের বন্ধু। এ রকম আরও যাঁরা বিখ্যাত মানুষ আছেন, সবাই তোমাদের বন্ধু। কারণ, তোমরা তাঁদের বই পড়ো।’
সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন বলেন, ‘বই হলো আলোর কারখানা। তোমরা যারা বই পড়ো, তারাই আগামী দিনের বাংলাদেশ।’
সাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, বই স্বপ্ন বুনতে শেখায়। তাই বড় মানুষ হতে হলে স্বপ্ন দেখতে হবে। বেশি বেশি বই পড়তে হবে।
গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপনসিবিলিটি দেবাশীষ রায় বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র তার কর্মসূচি নিয়ে দেশের প্রায় সব প্রান্তে পৌঁছে গেছে। আর কেন্দ্রের এ যাত্রায় সঙ্গী হয়েছে গ্রামীণফোন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, রিহ্যাবের সাবেক সভাপতি আবদুর আউয়াল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদলপ্রধান (কর্মসূচি) মেজবাহ উদ্দিন আহমেদ।
গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত ঢাকা মহানগরের বইপড়া কর্মসূচির এই পুরস্কার বিতরণী উৎসবের তিনটি পর্বে ১১৫টি স্কুলের ৬ হাজার ৪৭১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার দেওয়া হচ্ছে। গতকাল ৪ হাজার ৩৫০ জন ছাত্রছাত্রী পুরস্কার নিয়েছে। কাল শনিবার ২ হাজার ১২১ জন ছাত্রছাত্রী পুরস্কার গ্রহণ করবে।