
বিবিসি জানালার ইংরেজি শেখার বইয়ের তৃতীয় খণ্ড প্রকাশিত হলো এবার। বইটির নাম রাখা হয়েছে আমার ইংরেজি কোর্স-১। গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বইটি প্রকাশিত হয়। প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন বইটি প্রকাশ করেছে।
অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘একে একে বইটির তৃতীয় খণ্ড বের করা গেল, এটি আমাদের জন্য গৌরবের। দৈনন্দিন জীবনে ব্যবহারিক ইংরেজি শেখার ক্ষেত্রে বইটি বেশ কার্যকর ভূমিকা রাখবে।’
৪৪ লাখের বেশি মানুষ প্রথম আলোতে প্রকাশিত বিবিসি জানালার ইংরেজি শেখা অংশটি পড়েন, গত বছর পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে বলে বিবিসি মিডিয়া অ্যাকশনের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে আরও বেশি লোক এটি পড়ছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহীত উল আলম বলেন, বইটি যাঁরা পড়ছেন, তাঁরা উপকৃত হচ্ছেন। পরিসংখ্যান বলছে, মানুষ এটিকে গ্রহণ করেছে। তবে এর পাশাপাশি ব্যাকরণ ও সাহিত্যভিত্তিক ইংরেজি শেখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বক্তৃতার শুরুতে বাংলা বলে সবাইকে চমকে দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রকল্প প্রধান রিচার্ড লেইস। তিনি বলেন, প্রথম আলোতে প্রকাশিত বিবিসি জানালার ইংরেজি শেখার অধ্যায়গুলো একসঙ্গে পাওয়া মানুষের জন্য সুবিধাজনক।
প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, বইটি পড়ে মানুষ কিছু শিখলে, এ থেকে উপকৃত হলে সেটিই বড় প্রাপ্তি।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, প্রথমা প্রকাশনের পরামর্শক অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রকল্প বিভাগের প্রধান সঞ্জীব সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ।