'বইয়ের বিকল্প অন্য কিছু হতে পারে না'
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বইয়ের বিকল্প অন্য কিছু হতে পারে না। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে অবশ্যই বই পড়ায় মনোযোগী হতে হবে।
গত শুক্রবার রাতে সিলেটের প্রাচীনতম সাহিত্য সংগঠন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (কেমুসাস) প্রথমবারের মতো আয়োজিত ‘শিশু-কিশোর মেলা ও বইপাঠ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদকে সিলেটের দীর্ঘ ঐতিহ্যের অধিকারী একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানটি শিক্ষা, সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে পাঠাভ্যাস বৃদ্ধিতে প্রায় ৮০ বছর ধরে প্রতিষ্ঠানটি ভূমিকা পালন করছে।
কেমুসাসের শহীদ সোলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি শিক্ষাবিদ মো. আবদুল আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু-কিশোর মেলা ও বইপাঠ প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক সাংবাদিক আজিজ আহমদ সেলিম ও সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক।