'বইয়ে জ্বলে আত্মার আলো'
বই এমন এক জিনিস, যার মধ্যে শ্রেষ্ঠ মানুষের আত্মার আলো জ্বলে। আলো থাকে বইয়ের মধ্যে, লেখকের হৃদয়ের মধ্যে। বই পড়ে সেই আলো যিনি নিতে পারেন, তিনিও হোন আলোকিত। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী-২০১৬’ অনুষ্ঠানে এ কথা বলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বিশ্বসাহিত্য কেন্দ্র দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক এবং টিভি ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বই পড়া কি খারাপ? মন খারাপ হয়? অনেক বই পড়ে মন খারাপ হয়। তবে ওই খারাপ লাগার মাঝেও ভালা লাগা আছে। কারণ, জীবনে যে আনন্দ আছে, তা দিয়ে কমেডি গল্প লেখা হয়। আর জীবনের বেদনা দিয়ে ট্র্যাজেডি গল্প লেখা হয়। বেদনার মধ্য দিয়ে যে আনন্দ পাওয়া যায়, তার মাহাত্ম্য কমেডি গল্প থেকে পাওয়া আনন্দের চেয়ে বেশি।’
প্রত্যেকেরই প্রতিভাধর হওয়ার গুণ আছে মন্তব্য করে কথাসাহিত্যিক আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা যা কিছু আনন্দের, যা কিছু শিক্ষার সব করব। জিপিএ ফাইভ পাব। নাটক করব। ক্রিকেট খেলব। বিতর্ক করব। বই পড়ব। দৌড়ঝাঁপ করব। যে বিষয় তোমাদের করতে ভালো লাগে, মন দিয়ে তার সাধনা করবে।’
টিভি ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেন, ‘যে মানুষ বিশ্বাস করে, ভাবে ও কাজ করে, তার স্বপ্ন বাস্তবে পরিণত করার যোগ্যতা আছে। সে-ই বড় মানুষ হয়, যে নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করে।’
অনুষ্ঠানে বলা হয়, গত বছর ১৫টি কলেজ ও কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচিতে আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীরা বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সেরা ১২টি বই পড়ার সুযোগ পান। একটি ছোট সরস পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কতটি বই পড়েছেন, তার মূল্যায়ন করা হয় এবং সেসব পঠিত বইয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
মূল্যায়নপর্বের ক্যাটাগরিগুলো হলো, যাঁরা ছয়টি বই পড়েছেন, তাঁদের জন্য স্বাগত পুরস্কার। ৮টি বই পড়ার জন্য শুভেচ্ছা পুরস্কার, ১০টির জন্য অভিনন্দন পুরস্কার এবং ১২টি বই পড়ার জন্য সেরা পাঠক পুরস্কার।
সেরা পাঠকের পুরস্কার পাওয়া রাজউক উত্তরা মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ত্রয়ী মিত্র ঐশী প্রথম আলোকে বলেন, ‘বই আমার কাছে বিনোদনের মাধ্যম। বই আমার কল্পনাশক্তি বাড়ায়। আমি নতুন নতুন অনেক কিছু কল্পনা করতে পারি।’
আরেক সেরা পাঠক ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী মাইনুল হোসেন বলেন, ‘অভিজ্ঞতা সংগ্রহে বই পড়া হয়। লেখকের জীবনদর্শন, ঘটনা, পরিস্থিতি, চরিত্র, সময় ও মানুষের কথা ইত্যাদি জানতে আমার বইয়ের প্রতি আগ্রহ বাড়ে।’
অভিনন্দন পুরস্কারপ্রাপ্ত ঢাকা কলেজের শিক্ষার্থী মো. রিফাত হোসেন বলেন, ‘বাস্তব জ্ঞান শাণিত করার জন্য বইয়ের চেয়ে বিকল্প কিছু আর নেই। বই পড়ে তরুণদের বর্তমান সংকটও মোকাবিলা করা সম্ভব।’