
রোববার ভোর সাড়ে তিনটা। তখনো ঘুমাননি মিজানুর রহমান। প্রতিবেশী ইসমাইল আলীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে দৌড়ে বস্তির বাইরে বেরিয়ে আসেন তাঁরা। নিজেকে কিছুটা সামলে নেওয়ার পর স্ত্রী ও মেয়েকে বের করে আনতে নিজের ঘরের দিকে ছুটে যান তিনি। কিন্তু আগুনের ধোঁয়ায় পথ হারিয়ে ফেলেন তিনি। সকালে যখন স্ত্রী-কন্যার দেখা পান, ততক্ষণে দুজনই পুড়ে অঙ্গার হয়ে গেছে।
চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার কলসি দিঘির পাড় রেলওয়ে বস্তির অন্তত ৮০টি ঘর ও ১২টি দোকান গতকাল রোববার ভোরে আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘরের সামনে বসে গতকাল দুপুরে বিলাপ করছিলেন মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোরের দিকে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তখন বস্তির সবাইরে দেখি, শুধু বউ আর মেয়েরে দেখি না। জিজ্ঞেস করলে বলে, তারা মেডিকেলে আছে। সেখানে ছুটে যাই। গিয়ে দেখি নাই। পরে বস্তিতে তাদের দেখি, তারা মরে গেছে।’
মিজান বস্তির একটি অংশের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। আগুনে পুড়ে তাঁর স্ত্রী ফাতেমা আক্তার (২৭) ও সাড়ে তিন বছর বয়সী মেয়ে মারজান মারা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন বস্তির বাসিন্দা শিল্পী বেগম ও তাঁর ছেলে সাব্বির (৭)। এর মধ্যে সাব্বিরের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় গতকাল সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চট্টগ্রাম ইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রেজাউল কবির প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন।
দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ও আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, আগুনে বস্তির প্রায় ৪০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ঘরে তিন-চারটি পরিবার থাকত। ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি হবে। বস্তিতে প্রায় ১ হাজার ২০০ লোক থাকে।
পুড়েছে ঈদের সঞ্চয়: বস্তিটিতে পোশাকশ্রমিক, ঘাটশ্রমিক, রিকশাচালক, চটপটি বিক্রেতা, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষেরা ভাড়া থাকতেন। প্রতিটি ঘরের ভাড়া ছিল এক থেকে দেড় হাজার টাকা। ঈদের ঠিক আগ মুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির বাসিন্দারা এখন দিশেহারা। ঈদ উপলক্ষে জমানো সঞ্চয় ও নতুন কেনা জামাকাপড়, মসলা পুড়ে গেছে। একই সঙ্গে পুড়েছে তাঁদের ঈদের আনন্দও।
গতকাল দুপুরে পুড়ে যাওয়া বস্তিতে গিয়ে দেখা যায়, বাসিন্দাদের কেউ পুড়ে যাওয়া ঘরের টিন স্তূপ করে রাখছেন। কেউ ধ্বংসস্তূপ থেকে শেষ সম্বলটুকু খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে নির্বাক হয়ে বসে ছিলেন পুড়ে যাওয়া বাসার সামনে।
পোশাকশ্রমিক কোহিনূর বেগম বিলাপ করতে করতে প্রথম আলোকে বলেন, ঈদে বাড়ি যাওয়ার জন্য পাঁচ হাজার টাকা জমিয়েছিলেন তিনি। এই টাকা দিয়ে মা ও মেয়ের জন্য কাপড় কেনার ইচ্ছা ছিল তাঁর।
বস্তিতেই দোকান ও বাসা ছিল মোহাম্মদ রাজুর। তিনি বলেন, ‘আগুনে বাসা ও দোকান দুটোই পুড়ে গেছে। এখন গায়ের কাপড় ছাড়া আর কিছুই নেই। বউ আর বাচ্চা নিয়ে কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।’