'বক্তৃতা দিয়ে কোনো লাভ হয় না'

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বক্তৃতা দিয়ে কোনো লাভ হয় না। বাল্যবিবাহ রোধে সাংস্কৃতিক মাধ্যমকে কাজে লাগাতে হবে। বাল্যবিবাহ রোধ করতে পারলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সরকারের পরিবার পরিকল্পনা কার্যক্রমের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মো. নাসিম বলেন, ‘জনসচেতনতামূলক সকল প্রচারে আমাদের সাংস্কৃতিক মাধ্যমকে আরও বেশি কাজে লাগাতে হবে। কারণ বক্তৃতায় কোনো কাজ হয় না। কোনো নাটিকা বা জারি গানের অনুষ্ঠান হলে মানুষ বেশি সচেতন হয়।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পরিবারকল্যাণ কর্মীদের তত্পরতায় মা ও শিশু স্বাস্থ্যের উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী পুরস্কৃত হয়েছেন। কিন্তু গ্রামে ও শহরের বস্তি এলাকায় কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।
স্বাস্থ্যমন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিতে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। বাল্যবিবাহ রোধে কঠোরভাবে আইন প্রয়োগ করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ কার্যক্রমে সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি আরও বলেন, এই কার্যক্রমের দুর্বল দিক চিহ্নিত করে সরকার জোরালোভাবে এগোচ্ছে, যাতে জনসংখ্যা বৃদ্ধির হারকে প্রত্যাশিত মানে নিয়ে আসা যায়।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন সভাপতিত্ব করেন।