‘বখাটে দমনে প্রয়োজনে নতুন আইন তৈরি করা হবে’
প্রভাবশালী রাজনৈতিক দলও ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের আশ্রয় দিলে তার তোয়াক্কা করা হবে না। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষামন্ত্রী আরও জানান, উত্ত্যক্তকারী বখাটে-সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করতে প্রয়োজনে নতুন আইন তৈরি করা হবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, মেয়েদের উত্ত্যক্ত করার সমস্যা মোকাবিলায় আইনি ব্যবস্থা ও সামাজিক সচেতনতা তৈরির বিষয়টিতে একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে।ভুক্তভোগীরা আইনি উদ্যোগ নিলেও রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা বখাটে বা উত্ত্যক্তকারীদের আশ্রয় দেওয়ায় তাঁরা প্রতিকার পান না—গণমাধ্যমকর্মীদের এমন বক্তব্যের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগের ক্ষেত্রে প্রশাসনের অভিযুক্ত শিক্ষকের পক্ষ নেওয়া এবং তদন্ত না হওয়ার অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। আর এ ক্ষেত্রে হাইকোর্টের একটি যুগান্তকারী রায় থাকায় সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে।ছাত্রীদের উত্ত্যক্তকরণ প্রতিরোধ কর্মসূচি পালনের প্রস্তুতি বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, প্রস্তুতি কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম ও অতিরিক্ত সচিব মো. এস এম গোলাম ফারুক উপস্থিত ছিলেন।