‘বখাটেবিরোধী’ আন্দোলনের নেপথ্যে ছাত্রলীগের কোন্দল!
সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগত বখাটেদের প্রবেশ বন্ধ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার সাধরণ শিক্ষার্থীদের ক্লাস করতে দেননি আন্দোলনকারী ছাত্ররা। তাঁরা ক্যাম্পাসে টায়ার পোড়ান এবং অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কথিত এই বখাটেবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করা হলেও তাঁরা এর সঙ্গে নেই। ছাত্রলীগের কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দলের জের ধরে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে এই আন্দোলন করছে। আর এ জন্য ক্লাস করতে পারছেন না তাঁরা। ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, ‘বখাটে-বহিরাগত যারা আসে, তাদের সঙ্গেই আসে। মিছিল-মিটিং করে একসঙ্গে। তারা না চাইলে বহিরাগতরা তো ক্যাম্পাসে আসতে পারবে না।’জানা যায়, গতকাল সকালে ক্লাস শুরু হলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বখাটেবিরোধী মিছিল শুরু হয়। মিছিলের প্রায় সবাই ছিলেন ছাত্রলীগের কর্মী। পরে তাঁরা ক্লাস থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেন। এরপর তাঁরা ক্যাম্পাসে টায়ারে আগুন ধরিয়ে দেন এবং অধ্যক্ষ মো. সেলিম খানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে লাগাতর ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, গত সোমবার ক্যাম্পাসসংলগ হাসপাতাল পয়েন্টে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে মারামারি হয়। এরপর এক পক্ষ এটিকে ক্যাম্পাসে নিয়ে আসে। প্রতিপক্ষের কর্মীদের সঙ্গে বহিরাগতরা কলেজে এসে নানা অঘটন ঘটাচ্ছে—দাবি করে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে তারা। এ জন্য ব্যবস্থা নিতে অধ্যক্ষের কাছে দাবি জানায়। কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, এটা আসলে ছাত্রলীগের সমস্যা। তাঁদের আচরণে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত। সাধারণ শিক্ষার্থীদের নামে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে আন্দোলন করছে। ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক দাবিদার রণজিৎ চৌধুরী রাজন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিল। আমি ক্যাম্পাসে গিয়ে অধ্যক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেটা প্রত্যাহার করিয়েছি।’ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী বলেন, ‘ছাত্রলীগে কোনো সমস্যা নেই। সোমবার বহিরাগতরা ক্যাম্পাসের বাইরে এক যুবককে মারধর করেছে বলে শুনেছি। এতে ছাত্রলীগ জড়িত নয়। এখন কিছু যুবক আন্দোলনের নামে কলেজের পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে।’