‘বগলাবাড়ি’ পাখিদের অভয়াশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ন্ত বিকেলে হাইল হাওরের দিগন্তে যখন সূর্য হেলে পড়ে। তখন ঝাঁকে ঝাঁকে সাদা বক উড়ে এসে বাড়িটির চার পাশের গাছে আশ্রয় নেয়। দূর থেকে মনে হয় খণ্ড খণ্ড বরফে আবৃত হয়ে আছে বৃক্ষগুলোর শাখা-প্রশাখা।শুধু বক নয়, সঙ্গে আছে পানকৌড়ি ও বাবুইয়ের দল। রাতের নিরাপদ আশ্রয় শেষে ভোরের আলোয় এরা বেরিয়ে পড়ে খাদ্যের সন্ধানে।মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি গ্রাম কাশিমপুর। গ্রামের পূর্ব প্রান্তের এই বাড়িটি পাখিদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। এলাকায় এই বাড়িটি বগলাবাড়ি নামে পরিচিতি পেয়েছে। খ্যাতি পেয়েছে পাখিবাড়ি নামেও। আম, জাম, কাঁঠাল, লিচু, সুপারি, ইউক্যালিপটাস, কৃষ্ণচূড়াসহ নানা জাতের তিন শতাধিক গাছপালায় ভরা বাড়িটির সব গাছের শাখায় রয়েছে পাখির বাসা। কোনোটির প্রশাখায় ঝুলছে বাবুই পাখির শৈল্পিক বাসা। কোনো গাছে পানকৌড়ির দল। বাড়ির বাসিন্দারা জানান, বাড়িটিতে চার ভাই তারা মিয়া, নাজির মিয়া, হায়দার আলী ও খলিলুর রহমানের পরিবারের বসবাস। তাঁদের সবারই রয়েছে পাখিদের জন্য দরদ। এদের রাত যাপন নিরাপদ করতে চার পরিবারের প্রতিটি সদস্য সতর্ক থাকেন।এলাকাবাসী জানায়, ওই বাড়ির আশপাশে গাছপালা ঘেরা আরও কয়েকটি বাড়ি আছে। কিন্তু সব পাখি ওই বাড়ির গাছেই বসছে।সন্ধ্যা পর্যন্ত বাড়িটিতে অবস্থান করে জানা যায়, অন্য বাড়ির গাছে পাখিরা বাসা বাঁধলে এলাকারই কিছু ছেলে পাখির ছানা ধরে নেয়। শিকারিরা পাখি শিকার করে। কিন্তু কেউ বাধা দেয় না। কিন্তু ওই বাড়িতে এরা নিরাপদে বাসা বাঁধে। ডিম দেয়। ছানা ফোটায়। এখানেই ছানারা উড়তে শেখে। বক বছরের সাত মাস এখানে থেকে সেপ্টেম্বরে ছানাদের নিয়ে এরা চলে যায়। আবার ফিরে আসে মার্চ মাসে।বাড়ির উঠানে কথা হয় তারা মিয়ার ছেলে মকবুল হাসানের সঙ্গে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন মকবুল। তিনি বলেন, বিকেলে বাড়ির নারী-পুরুষেরা কাজ শেষে উঠানে বসে পাখি দেখে অবসর সময় কাটান। পাখিদের মিতালি, খুনসুটি কিংবা ঝগড়া দেখে বাড়ির শিশুরা খুব আনন্দ পায়। উচ্ছ্বসিত হয়। তারা মিয়া জানান, ২০০৮ সালের মার্চ মাসে কয়েক জোড়া সাদা বক বাড়ির আমগাছে বাসা বাঁধে। কয়েক দিন পর আট-দশ জোড়া বক আসে। একসময় বাড়ির সব গাছে এরা বাসা করে। পাখির বিষ্ঠায় টিনের চাল নষ্ট হয়। সারা বাড়ি দুর্গন্ধ হয়। হাঁটাচলা যায় না। গাছের ফলফলাদি নষ্ট করে। ‘এর পরও কেন জানি এরার লাগি মনোর মাঝে মায়া জন্মি গেছে’ বলেন তারা মিয়া। স্থানীয় পরিবেশবাদী লেখক সৈয়দ আমীরুজ্জামান বলেন, কাশিমপুরের আলোচিত বাড়িটির সবাই পাখিপ্রেমী বলেই দীর্ঘ চার-পাঁচ বছর ধরে হাজারো পাখি বছরের প্রায় সাত মাস এখানে থাকছে। পাখি বিশেষজ্ঞ শরীফ খান বকের ছবি দেখে মুঠোফোনে বলেন, স্থানীয়ভাবে ধলা বগলা নামে পরিচিত এই বকপাখি। এর ইংরেজি নাম Intermediate Egret এবং বৈজ্ঞানিক নাম Mesophoyx Intermedia। ঠোঁট থেকে পিঠের ওপর দিয়ে লেজ পর্যন্ত এদের দৈর্ঘ্য ৬০-৭০ সেন্টিমিটার হয়। বর্ষাকাল এদের প্রজনন ঋতু। এরা নল ও সরু ডাল দিয়ে গাছের শাখায় বাসা বাঁধে। দুই থেকে চারটি ডিম দেয়। ২৪-২৬ দিনে ডিম ফুটে বাচ্চা বের হয়। ডিম দেওয়া থেকে শুরু করে বাচ্চাগুলো পরিণত হয়ে উড়তে না শেখা পর্যন্ত এরা একই স্থানে রাত কাটায়।