
বানের পানিতে ভেসে আসা ‘বঙ্গ বাহাদুর’ নাম পাওয়া বুনো হাতিটিকে গতকাল রোববার আবারও ট্রাঙ্কুইলাইজার গান দিয়ে চার দফায় চেতনানাশক ওষুধ দেওয়া হয়েছে। হাতিটিকে উদ্ধারে গাজীপুর থেকে রওনা হয়েছে আরও তিনটি হাতি।
ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এবং বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্র এসব তথ্য জানিয়েছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামে গত বৃহস্পতিবার হাতিটির পায়ে ও শরীরে শিকল এবং রশি বেঁধে একটি গাছের সঙ্গে আটকে রাখা হয়। শনিবার সকাল ১০টার দিকে সেই শিকল ও রশি ছিঁড়ে ফের পানিতে নেমে পড়ে প্রাণীটি। এরপর কয়ড়া গ্রামের দুদু মিয়া, হাতেম আলী ও আবদুস সালামের বাড়িতে গিয়ে অর্ধশতাধিক ফলদ ও বনজ গাছ ধ্বংস করে।
গতকাল সকাল ১০টার দিকে কয়ড়া গ্রামে আসে বঙ্গ বাহাদুর। তখন ট্রাঙ্কুইলাইজার গানের মাধ্যমে চেতনানাশক ওষুধ দেওয়া হয়। কিন্তু এতে কাজ না হওয়ায় আরও তিনবার ওষুধ দেওয়া হয়। এরপর হাতিটি কিছুক্ষণ ছোটাছুটির পর আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। তখন এটিকে শিকল, রশি ও ডান্ডাবেড়ি পরানো হয় এবং খুঁটি পুঁতে তিন দিক থেকে বেঁধে রাখা হয়।
বন অধিদপ্তরের সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার দে বলেন, ‘বঙ্গ বাহাদুরকে উদ্ধারে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক থেকে তিনটি হাতি আনা হচ্ছে। আজ (রোববার) রাতেই হাতি তিনটি সরিষাবাড়ীতে পৌঁছাবে। বঙ্গ বাহাদুরকে গাজীপুরে নেওয়ার জন্য এই তিনটি হাতি কাজ করবে।’
ভারতের আসাম রাজ্য থেকে বানের পানিতে ভেসে আসা হাতিটিকে বৃহস্পতিবার প্রথম ট্রাঙ্কুইলাইজার গানের মাধ্যমে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করা হয়। তখন হাতিটি কয়ড়া গ্রামের একটি জলাশয়ে ঝাঁপ দেয়। পরে গ্রামবাসীর সহযোগিতায় হাতিটি ডাঙায় তুলে আনা হয়। সুস্থ হলে বন অধিদপ্তরের সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার এটির নাম রাখেন বঙ্গ বাহাদুর।