'বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির প্রেরণা'
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৃতীয় বিশ্বে অর্থনৈতিক মুক্তির প্রেরণা। তিনি শোষিত মানুষের পক্ষের আদর্শিক মহামানব। তাঁর এই আদর্শকে নতুন প্রজন্মের কাছে সঞ্চারিত করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মুক্তমঞ্চে ‘চেতনার সৈকতে ভোরের নোঙ্গর বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু জন্মজয়ন্তী উদ্যাপন উপপরিষদের আহ্বায়ক সুমন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি মঈন উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর এইচ এম সোহেল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, রায়হান ইউসুফ, কাউন্সিলর সলিম উল্লাহ, শৈবাল দাশ প্রমুখ।
অনুষ্ঠানের মুখ্য আলোচক মঈন উদ্দিন আহম্মেদ বলেন, বঙ্গবন্ধু মৃত্যুহীন চিরঞ্জীব মহানায়ক। সর্বক্ষেত্রে দুর্নীতির যে বিষ ছড়িয়ে রয়েছে, তা নির্মূল করতে পারলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
আলোচনা সভা শুরুর আগে সংগীত পরিবেশন করেন শিল্পী নুসরাত জাহান, নিশা চক্রবর্তী, পাপড়ী ভট্টাচার্য।