'বঙ্গবন্ধু ও বাংলাদেশের জন্মগাথা একই সূত্রে নিহিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা। ছবি: প্রথম আলো
বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা। ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু ও বাংলাদেশের জন্মগাথা একই সূত্রে নিহিত। দেশের গরিব দুঃখী মানুষের ভালোবাসাই ছিল তাঁর প্রধান শক্তি। দেশপ্রেম, সাহসিকতা ও সংগ্রামী মূল্যবোধের চেতনায় তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ। তাঁর দেখানো পথেই ভবিষ্যতের বাঙালি পেতে পারে আলোকিত আগামীর অনন্ত সম্ভাবনার সমূহ সূত্র।

বাংলা একাডেমিতে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সকাল সাতটায় মহাপরিচালক শামসুজ্জামান খানের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় সুভাষ সিংহ রায়ের পরিচালনায় শিশু কিশোর অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’। আলোচনায় অংশ নেন বিশিষ্ট কথাশিল্পী সেলিনা হোসেন, অ্যাডভোকেট সুলতানা কামাল, কথাশিল্পী আনিসুল হক, শিশুসাহিত্যিক লুৎফর রহমান লিটন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শিশুকিশোরদের এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাত শতাধিক শিশুকিশোর অংশগ্রহণ করে।
বিকেল ৪টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু বিষয়ক একক বক্তৃতায় স্বাগত বক্তব্য দেন শামসুজ্জামান খান। বক্তৃতা করেন গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া রহমান। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
স্বাগত ভাষণে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, সুকঠিন এক আদর্শিক সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠা করে পর্যায়ক্রমে জন্ম দিয়েছেন ভাষাভিত্তিক, অসাম্প্রদায়িক বাঙালি জাতিরাষ্ট্র। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ এখন সারা বিশ্বে এক অনন্ত সম্ভাবনার প্রতীক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে—এ আমাদের পরম আনন্দ ও গৌরবের বিষয়।
একক বক্তৃতা অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘তিনি জীবনের শুরু থেকেই সুস্পষ্ট আদর্শের ভিত্তিতে রাজনীতি করেছেন। লক্ষ্য ছিল সাধারণ মানুষের সার্বিক মুক্তি। অসাধারণ নেতৃত্বের গুণে ছাপিয়ে গেছেন সমকালীন সব বিশিষ্ট নেতাদের। তাঁর সম্মোহনী নেতৃত্বে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার অবিকল্প লক্ষ্যে।’