‘বঙ্গবন্ধু কলেজ’-এর উন্নয়নের নামে সড়কের গাছ সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা-লাঙ্গলবাঁধ সড়কের পাশের কয়েক শ গাছ গত কয়েক দিনে কেটে ফেলা হয়েছে। ‘বঙ্গবন্ধু কলেজ’ নামে প্রস্তাবিত একটি কলেজের উন্নয়নের জন্য আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা গাছগুলো কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় ব্যক্তিরা জানান, শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের আডুয়াডাঙ্গি গ্রামে এলাকার পাঁচ একর খাস জমি দখল করে মাসখানেক আগে আওয়ামী লীগের স্থানীয় নেতারা সেখানে ‘প্রস্তাবিত বঙ্গবন্ধু কলেজ’ নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুফিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের কয়েকজন নেতা ওই কলেজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি ওই কলেজের উদ্বোধন করেন। স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, কলেজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতারা কলেজের উন্নয়নের নামে বেশ কিছুদিন ধরে ওয়াপদা-লাঙ্গলবাঁধ সড়কের টিকারবিলা-আডুয়াডাঙ্গি এলাকার রাস্তার পাশের গাছ কাটছেন। এ পর্যন্ত তাঁরা প্রায় তিন কিলোমিটার এলাকা থেকে কয়েক শ শিশু, মেহগনি, রেইনট্রিসহ অন্যান্য গাছ কেটে নিয়ে যান।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ছালেক বলেন, ‘ওয়াপদা-লাঙ্গলবাঁধ সড়কের বিভিন্ন ধরনের গাছ কেটে নেওয়ার খবর পেয়ে আমি শনিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালাই। পুলিশ এ সময় একটি ট্রাকসহ চারজনকে আটক করে। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২৭৫টি গাছের গোড়া এবং বেশ কিছু ডালপালা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাছের মূল্য লক্ষাধিক টাকা হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন ট্রাকচালকের সহকারী। অন্য তিনজন শ্রমিক। পুলিশ যাওয়ার আগেই কয়েকটি ট্রাকে কাঠ পাচার করা হয়েছে বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে।’ওসি কাজী ছালেক আরও বলেন, রাস্তার পাশের ওই গাছ কেটে নেওয়ার পেছনে প্রস্তাবিত বঙ্গবন্ধু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনা মাসুদ উজ্জামান বলেন, কলেজের উন্নয়নের নামে এর সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ওয়াপদা-লাঙ্গলবাঁধ সড়কের গাছ কেটে সাবাড় করছেন। আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম বলেন, ‘গাছ কাটার সঙ্গে মো. সুফিয়ার রহমান, জাকারিয়া সাচ্চু ও উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম রাব্বানীসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা জড়িত। আমার ওই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।’কৃষকলীগ নেতা গোলাম রাব্বানী গাছ কাটার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুফিয়ার রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। আমি ওই অপকর্মের সঙ্গে কোনোভাবেই জড়িত নই।’উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি বলেন, ‘কলেজ করতে গেলে অনেক খরচ। সেখানে নানা কাজে কাঠ লাগে। তাই আমি চার-পাঁচটি গাছ কাটতে বলেছিলাম। কিন্তু বহু গাছ কেটে বিক্রি করা হয়েছে।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা জানান, কলেজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত দলীয় নেতারা সড়কের পাশ থেকে পাঁচটি গাছ কেটেছেন। বাকি গাছ স্থানীয় সুযোগসন্ধানী লোকজন কেটে নিয়ে গেছে।