ইসলামী বিশ্ববিদ্যালয়ে অচিরেই ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে চলমান তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল শনিবার বেলা ১১টায় এক শোকসভায় তিনি এ ঘোষণা দেন।
শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ১৫ আগস্টে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর আদর্শ মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাঁর আদর্শ কখনো মুছে ফেলা যাবে না। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে অচিরেই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর চেয়ার প্রতিষ্ঠা করা হবে এবং বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মামুনুর রহমানের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আবুল আহসান চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক রাশিদ আসকারী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল কে এম সালেহ্, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান প্রমুখ।