'বঙ্গবন্ধু থাকলে পৃথিবীটা অন্য রকম হতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন করছেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রথম আলো
জাতীয় চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন করছেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রথম আলো

শিল্পী শাহাবুদ্দিন বলেছেন, ‘বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে দুটো জিনিস হতো না। বাহির থেকে পোকা ঢুকতে পারত না এবং বাংলাদেশকে সোনার বাংলা, সবুজ বাংলা গড়ে তুলতেন। তাঁর কারণেই বেঁচে আছি, থাকব। বঙ্গবন্ধু থাকলে পৃথিবীটা অন্য রকম হতো।’

আজ বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘৭ই মার্চের ভাষণ: বাঙালির স্বাধীনতার মাইলফলক এবং বঙ্গবন্ধু ও স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন শিল্পী শাহাবুদ্দিন।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কণ্ঠে উচ্চারিত সবচেয়ে বড় অসাম্প্রদায়িক স্লোগান হলো জয় বাংলা। এ স্লোগানের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস থাকলে এ স্লোগানের বিকল্প নেই। যে জয় বাংলা উচ্চারণ করে না, তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই।

আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। কারণ, তিনি শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না। মানুষের প্রতি ভালোবাসাকে তিনি ধারণ করেছেন। এ ভালোবাসার টানে তিনি স্বাধীন বাংলার স্বপ্নকে ধারণ করেছিলেন। বাঙালির মুখে হাসি ফোটানো ছিল জীবনের একমাত্র লক্ষ্য।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে গত মার্চে শিল্পকলা একাডেমি আয়োজন করেছিল ‘৭ই মার্চের ভাষণ: বাঙালির স্বাধীনতার মাইলফলক’ এবং শোকের মাস উপলক্ষে ৯ আগস্ট আয়োজন করা হয় ‘বঙ্গবন্ধু এবং স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আর্টিস্ট ক্যাম্প। এ দুই আর্ট ক্যাম্পে শিল্পীদের আঁকা শিল্পকর্ম নিয়ে রোববার থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনীর। যাতে শিল্পীদের আঁকা ছবিতে উঠে এসেছে নানা অভিব্যক্তিময় জাতির জনকের প্রতিকৃতি।

বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।

প্রদর্শনী দেখছেন দুজন দর্শক। ছবি: প্রথম আলো
প্রদর্শনী দেখছেন দুজন দর্শক। ছবি: প্রথম আলো

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন হাশেম খান, সমরজিৎ রায় চৌধুরী, আনোয়ার হোসেন, মুনিরুল ইসলাম, ফরিদা জামান, জামাল আহমেদ, আব্দুল মান্নান, রণজিৎ দাস, সিদ্ধার্থ তালুকদার, রোকেয়া সুলতানা, আফরোজা জামিল কঙ্কা, কনকচাঁপা চাকমা, কীরিটি রঞ্জন বিশ্বাস, রফি হক, দেওয়ান মিজান, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, দুলাল চন্দ্র গাইন, নাসিমা খানম কুইনি, আব্দুস সাত্তার তৌফিক, সুমন ওয়াহিদ, অনুকুল চন্দ্র মজুমদার, সর্ব্বরী রায় চৌধুরী, এম এম ময়েজউদ্দীন, সুশান্ত অধিকারী, মো. কামালুদ্দিন, বিশ্বজিৎ গোস্বামী, সুনীল কুমার পথিক, নাজির হোসেন খান, সোহাগ পারভেজ, সহিদ কাজী, আসমিতা আলম শাম্মী, গুপু ত্রিবেদী, সুমন কুমার বৈদ্য, হারুন অর রশীদ টুটুল, রাশেদ সুখন, মানিক বণিক, শাহানুর মামুন, শাহানুর মামুন, সঞ্জিব দাস অপু, মঞ্জুর রশিদ, সুরভী স্মৃতি, ফারজানা আহমেদ, শহিদুজ্জামান শিল্পী, প্রদীপ সাহা, আতিয়া ইসলাম এ্যানি, সিদ্ধার্থ দে, আল মঞ্জুর এলাহী, ফারহানা ইয়াসমিন যুথি, দিদারুল হোসাইন লিমন, আশরাফুল আলম পপলু প্রমুখ।

নানা প্রজন্মের, নানা বয়সের শিল্পী হলেও তাঁদের ছবি আঁকার বিষয় এক-বঙ্গবন্ধু। কেউ আঁকলেন মুখচ্ছবি। কেউ বঙ্গবন্ধুর আন্দোলন, সংগ্রাম ও কর্মময় জীবনের নানা ঘটনাবলিকে কেন্দ্র করে এঁকেছেন।
অনুপ্রেরণাদায়ী গানের আশ্রয়ে ক্যাম্পে ছবি এঁকেছেন রোকেয়া সুলতানা। সংগীতের বাণীর মাঝে মূর্ত হয়েছে বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনার মুখচ্ছবি। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে আশ্রয় করে নিসর্গের ছবি এঁকেছেন সমরজিৎ রায় চৌধুরী। তরুণ শিল্পী সুমন বৈদ্যর ক্যানভাসে মূর্ত হয়েছে সুদূরের পানে চেয়ে থাকা বঙ্গবন্ধুর প্রসারিত দৃষ্টি। ব্যাখ্যা করলেন শিল্পী, বঙ্গবন্ধু সোনার বাংলার প্রত্যয় নিয়ে আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ। তিনি এখন আমাদের দিকেই চেয়ে আছেন, তাঁর অধরা স্বপ্নের বাস্তবায়নের আকাঙ্ক্ষায়। শিল্পী ফারজানা আহমেদের ক্যানভাসে দেশের ভাবনায় নিমগ্ন বঙ্গবন্ধুর ছবি। চারপাশে খয়েরি রঙের আস্তরণের মাঝ থেকে মেলে ধরেছেন শেখ মুজিবকে। ক্যানভাসের একটি অংশে বঙ্গবন্ধুর বিভিন্ন বাণীকে ফুটিয়ে তুলেছেন পুঁথি চিত্রের আদলে।

জ্যেষ্ঠ শিল্পী রোকেয়া সুলতানা এঁকেছেন সাদা-কালো রঙে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম অধ্যায়ের স্মরণ এটি। তারপর তুলির আঁচড়ে নানামুখী ভাবনা ও বর্ণনার রেখাপাত। তাতে ভেসে উঠেছে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণাদায়ী ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি’, ‘জয় বাংলা বাংলার জয়’ থেকে শুরু করে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’সহ নানা গানের চরণগুলো।
১৮ আগস্ট পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।