'বঙ্গবন্ধু ধর্মের সঙ্গে রাজনীতিকে জড়াতে দেননি'
ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মের সঙ্গে রাজনীতিকে জড়াতে দেননি। তিনিই শিখিয়েছেন বাঙালি চেতনা ও জাতীয়তাবোধ। জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আজ মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ শিপের উদ্যোগে মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় এস এম কুদ্দুস জামান বলেন, ‘বঙ্গবন্ধু সব ধর্ম–বর্ণের মানুষকে নিয়ে এ দেশ স্বাধীন করেছেন। দ্বিজাতি তত্ত্বে ভারত-পাকিস্তান স্বাধীন হয়েছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান সব জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন, দিয়েছেন মানচিত্র।’
সভায় ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর কালো আইন করে, বিচারের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রচলিত আইনে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।
সভায় বিভাগীয় বিশেষ জজ আতাউর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান সরকারি কর্মচারীদের বলেছিলেন, যারা অত্যাচার করেননি, তাদের প্রতি যেন অবিচার না হয়। যদি হয়, স্বাধীনতা বৃথা হয়ে যাবে।
সভায় মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম বলেন, ১৯৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে কালো আইন করা হয়েছিল। উচ্চ আদালত বিভিন্ন রায়ের মাধ্যমে বিচার বিভাগকে কলঙ্কমুক্ত করেছেন। বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির পদক্ষেপ দিয়েছেন।
সভায় মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখেনি। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গিয়ে বুঝেছি, কীভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।’
সভায় আরও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা, জননিরাপত্তা অপরাধ ট্রাইব্যুনালের বিচারক শহীদুল ইসলাম, অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির, যুগ্ম জেলা জজ সাউদ হাসান, মোহাম্মদ এরাফান উল্লাহ, বিচারক সাবিনা ইয়াসমিন, মাহবুব সোবহানী, আফসানা আবেদীন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা জজ এস এম কুদ্দুস জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মিল্টন হোসেন ও আফরিন আহমেদ।