জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধুর পর একই উদ্দেশ্যে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। কিন্তু এরপরও তারা সফল হয়নি। বঙ্গবন্ধুকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলতে পারেনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার ফেনীর ছাগলনাইয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) আয়োজনে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপজেলা জাসদ কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। এ ছাড়া উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আঞ্জুমান আরা, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, যুগ্ম সম্পাদক আবদুল মোমিন মজুমদার, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস।
সমাবেশে শিরীন আখতার বলেন, যারা জঙ্গিদের লালন করে তারা কখনোই গণতন্ত্রের বন্ধু হতে পারে না। দেশের উন্নয়নের পথে তারাই মূল বাধা।