'বঙ্গবন্ধু সিভিল সমাজের বোধ তৈরি করেছিলেন'
অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেছেন, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান ঔপনিবেশিক পূর্ব পাকিস্তানে সিভিল সমাজের বোধ তৈরি করা। এ বোধ থেকে তিনি, তাঁর সহযোগীরা ও জনসাধারণ পাকিস্তান রাষ্ট্রকে প্রতিহত করেছেন।
গতকাল শনিবার বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর আয়োজনে স্বাধীনতা দিবসের বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এই অধ্যাপক এ কথা বলেন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান’ শীর্ষক এই একক বক্তৃতা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, বাঙালি সমাজ ও সংস্কৃতি পশ্চিম পাকিস্তানের সমাজ ও সংস্কৃতির দিক থেকে ছিল অগ্রসর। অগ্রসর হওয়া সত্ত্বেও বাঙালি সমাজ রাষ্ট্র গঠনের দিক থেকে পাকিস্তান রাষ্ট্রের কাছে নিজেদের সমর্পণ করেছিল। এই নৈতিক ব্যর্থতার বিরুদ্ধে বঙ্গবন্ধু বিকল্প তৈরি করেছেন সিভিল সমাজের শক্তি ব্যবহার করে, নৈতিক শক্তিকে শক্তিশালী করে।
অনুষ্ঠানে সাহিত্যিক-সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে আত্মপরিচয়ের সন্ধান দিয়েছেন। তিনি কেবল একটি জাতিরাষ্ট্র গঠন করতে চাননি, এ রাষ্ট্রের আদর্শ কী হবে সেটাও বলেছেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মুনতাসীর মামুন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর প্রাতিষ্ঠানিক চর্চা বাড়ানোর ওপর জোর দেন। সূচনা বক্তব্য দেন ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান।