সংসদে মন্ত্রী ও জাপা নেতার বক্তব্যের নিন্দা জাসদের
'বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীরা'
স্বাধীনতার পর জাসদ ও গণবাহিনীর ভূমিকা নিয়ে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাসদ।
গতকাল রোববার জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সংসদে মন্ত্রী ও একজন সাংসদ বিএলএফের ইতিহাস ও জাসদের গঠন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অপ্রাসঙ্গিক এবং সত্যের অপলাপ। অতীত থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলা করছে; তখন একজন সাংসদ ও একজন মন্ত্রী কাদের ইঙ্গিতে, কাদের খুশি করতে এ ধরনের অপ্রাসঙ্গিক বক্তব্য উত্থাপন করলেন, তা গভীর রাজনৈতিক বিবেচনার দাবি রাখে।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের বিএলএফের (মুজিববাহিনী) তালিকা ভারত থেকে ফিরিয়ে আনার প্রস্তাব উত্থাপন করতে গিয়ে ৩ জুলাই সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেছিলেন, মুক্তিযুদ্ধের পরে যেন প্রতিবিপ্লব না হয়, সে জন্য বিএলএফ গঠন করা হয়েছিল। কিন্তু সেই বাহিনীর সিরাজুল আলম খান বিএলএফ থেকে বের হয়ে জাসদ তৈরি করেন। তখন ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের লোকজনকে জাসদ ও গণবাহিনী মাঠে-ঘাটে হত্যা করে। সেদিন যদি জাসদ বা গণবাহিনী সৃষ্টি না হতো, তাহলে বঙ্গবন্ধুকে হত্যার কেউ সাহস করত না।
ওই আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছিলেন, সিরাজুল আলম খান মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে প্রতিবিপ্লবের পথ সুগম করেছিলেন। সে সময় জাসদের পেছনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল। স্বাধীনতাবিরোধী শক্তি মুসলীম লীগ পরিবার রাতারাতি জাসদ হয়ে গিয়েছিল।
এ প্রসঙ্গে গতকাল জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, মুজিববাহিনীর ইতিহাস নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতীয় জীবনে যে রাজনৈতিক বিপর্যয় নেমে এসেছিল, তার জন্য জাসদ কোনোভাবে দায়ী নয়। বরং চাটুকার, চাটার দল ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীরা দায়ী।
বিবৃতিতে বলা হয়, ১৯৭২ সালে সাংবিধানিক কাঠামোর মধ্যেই জাসদ গঠিত হয়। ১৯৭৩ সালের নির্বাচনে ৬ শতাংশ ভোট পেয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে। যখন সংসদীয় রাজনীতির সুযোগ অনুপস্থিত হয়, তখন প্রকাশ্য ঘোষণা দিয়েই ১৯৭৫ সালে জাসদ গণবাহিনী গঠন করে এবং সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান গ্রহণ করে। কখনো গোপনে ষড়যন্ত্র করেনি। বরং চাটুকারিতার আড়ালে যাঁরা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, খন্দকার মোশতাক ও কাজী ফিরোজ রশীদের মতো প্রথম সুযোগেই বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের পিঠে ছোবল হানেন।