'বঙ্গবন্ধুকে হত্যার মূলে ছিল তখনকার সাম্রাজ্যবাদীরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার বলেছেন, কিছু বিপথগামী সৈন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে—এ কথা যাঁরা বলেন, তাঁরা হয়তো বোকা, না হয় জ্ঞানপাপী। হত্যার মূলে ছিল তখনকার সাম্রাজ্যবাদীরা।

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার বিকেলে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যতীন সরকার।

যতীন সরকার বলেন, মহৎ ব্যক্তিরা আত্মরক্ষা করার চেয়ে প্রজাতি রক্ষণের স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধু সেই মহৎ ব্যক্তিদের একজন। তখনকার সাম্রাজ্যবাদীরা বঙ্গবন্ধুকে নিজেদের মতো চালিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু সব সময় নিজের মতো চলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু তাঁর এ স্বপ্নপূরণে কখনো পিছু হটেননি। এ কারণেই বাঙালি জাতির স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্নে রূপান্তরিত হয়েছিল। তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে আজ গলা টিপে হত্যা করছি। আমলা থাকুক, কিন্তু আমলাতন্ত্র থাকলে তাঁর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. জসিমউদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছোলায়মান আলী ফকির।