যথাযোগ্য মর্যাদার সঙ্গে গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।
একই দিন মন্ত্রিপরিষদের সদস্যরা মুজিবনগর সঞ্চৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি দেশ ও দেশের ইতিহাস নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে। তারা বঙ্গবন্ধুর ইতিহাসকে বিকৃত করতে চায়। এ সম্পর্কে তিনি আরও বলেন, কোন ‘কুলাঙ্গার’ কী বলল, তাতে কিছু আসে যায় না। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
বাসসের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবেও শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, রেলপথমন্ত্রী মুজিবুল হক, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ। পরে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, বেলা ১১টার দিকে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হেলিকপ্টারে করে মুজিবনগরে পৌঁছান। অন্যান্য নেতা ও মন্ত্রী এর আগেই সড়কপথে মুজিবনগরে গিয়ে পৌঁছান। মন্ত্রিপরিষদের সদস্যরা বেলা ১১টা ১০ মিনিটে মুজিবনগর সঞ্চৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য দেন শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, ১৭৫৭ সালে মুজিবনগরের অদূরে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতা হারিয়েছিল। এর ২০০ বছর পর আরেক আম্রকানন মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে দেশের প্রথম সরকারের (মুজিবনগর সরকার) শপথ হয়। বঙ্গবন্ধু ছিলেন দেশের প্রথম রাষ্ট্রপতি। অথচ, যারা দেশের স্বাধীনতা, জাতীয় সংগীত, জাতীয় পতাকাকে স্বীকার করে না, তারা স্বাধীনতার এই চিরন্তন ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর ছয় দফা ছিল বাংলার মানুষের ছয় দফা। বঙ্গবন্ধু স্লোগান তুললেন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়, দেশ স্বাধীন হয়।
সমাবেশ শেষে সন্ধ্যায় মুজিবনগর মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।