পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের যারা হত্যা করেছিল, তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকার বদ্ধপরিকর। সরকার দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গতকাল বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘খুনিদের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন সময় কিছু জটিলতা প্রকাশ পেয়েছে। তবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং বিশ্বাস করি আমরা দ্রুত দেশে ফিরিয়ে আনতে পারব।’
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ রাজশাহীর চারঘাট উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।