'বঙ্গবন্ধুর জন্ম না হলে সোনার বাংলাদেশ পেতাম না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি জন্ম না হতো, তাহলে আমরা এই সোনার বাংলাদেশ পেতাম না। তাঁর কারণেই বাঙালি পেয়েছে স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত।’
গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।
মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বাংলার বদলে উর্দু ভাষায় পড়াশোনা করতে হতো। আমাদের সবাইকে পাঞ্জাবি পরে পাকিস্তানি হয়েই বাঁচতে হতো।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিনের উপস্থাপনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ।
এর আগে শোক দিবস উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।