'বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, সমাবেশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করা হয়েছে। জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর সহযোগী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ: খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে নগরের ২০টি বিদ্যালয়ের প্রায় আট শ ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ২৩টি বিভাগে ১১০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সেলিনা হায়াৎ আইভী শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরাও বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিবে। তাঁর আদর্শে জীবন গড়ে এ দেশের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার দৃঢ় মন-মানসিকতা তৈরি করতে হবে।’

মানিকগঞ্জ: সকাল আটটার দিকে জেলা শহরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার আয়োজন করে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল ১০টার দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে শিশুদের কেক কাটার আয়োজন করে জেলা প্রশাসন। এ ছাড়া জেলা সরকারি শিশু পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা। দুপুরে সরকারি শিশুসদন প্রাঙ্গণে শতাধিক শিশুকে নিয়ে কেক কাটার আয়োজন করা হয়। তাদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম খান প্রমুখ।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ জেলা সদর ও মিরকাদিম পৌরসভায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল নয়টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে এখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল হাসান। মিরকাদিম পৌরসভার উদ্যোগে একটি শোভাযাত্রা মিরকাদিম পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা চত্বরে এসে শেষ হয়। দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরাতন কাচারিতে শিশুমেলার আয়োজন করে মুন্সিগঞ্জ পৌরসভা।