নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সুহূদ-চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর পর এ দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার আসনে যাঁকে অধিষ্ঠিত করা যায়, তিনি হলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।গতকাল শনিবার বিকেলে নগরের শহীদ মিনারে গ্রামীণ ব্যাংক সরকারীকরণের প্রক্রিয়া বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন নোবেলজয়ী ড. ইউনূস সুহূদের সদস্যসচিব ফারুক-ই আজম বীর প্রতীক, মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ফজলুল করিম, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. সালেহ্ উদ্দিন হায়দার সিদ্দিকী, স্থপতি জেরিন হোসেন, এ কিউ এম অহিদুল আলম, ঢাকার গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সদরুল হক, জাপানের অনারারি কনসাল মুহাম্মদ নুরুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, আলেয়া চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি মো. নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা সুজিত চৌধুরী, ইয়াছিন চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সুহূদ-চট্টগ্রামের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান। সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর। প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেষে কয়েকটি সুপারিশ তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান। এতে গ্রামীণ ব্যাংক সরকারীকরণ অধ্যাদেশ বাতিলের পক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের কথা বলা হয়। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নোবেলজয়ী ড. ইউনূস সুহূদের সংগঠন গড়ে তুলে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ব্যাপারে সবাইকে সোচ্চার থাকার অনুরোধ জানানো হয়।