'বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তিতে ব্যর্থ হয়ে বিএনপি লংমার্চ করেছে'

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তিতে ব্যর্থ হয়ে বিএনপি লংমার্চ করেছে।
আজ শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক সেবা নামের একটি সংগঠনের এক অনুষ্ঠানে সাহারা খাতুন এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন বলেন, ‘আমার নির্বাচনী এলাকা (উত্তরা) থেকে ২০০টি গাড়ি নিয়ে যাত্রা করে শেষ পর্যন্ত মাত্র ১৬টি গাড়ি তিস্তায় গেছে। অন্য সবাই গাড়ি নিয়ে পালিয়েছে। তাদের বলি—তিস্তার পানি লংমার্চে আসবে না, কূটনৈতিক প্রচেষ্টায় আসবে।’
সাহারা খাতুন বলেন, গঙ্গার পানি চুক্তি শেখ হাসিনার সরকার করেছিল। তিস্তার পানি চুক্তিও তাঁর সরকারই করবে।
আলোচনা সভায় চিকিত্সক ও সাংবাদিকদের আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান সাহারা খাতুন। তিনি বলেন, ‘আপনারা সমাজের শিক্ষিত শ্রেণী। দেশের ক্রান্তিলগ্নে কাজ করেন। দয়া করে আইন হাতে তুলে নেবেন না, তাহলে দেশ রসাতলে যাবে।’
রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ হকার্স লীগ আয়োজিত আরেক অনুষ্ঠানে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা হতাশ। হতাশ কর্মীদের চাঙা করতে লংমার্চের নামে বিএনপি তিস্তা অভিমুখে পিকনিক করেছে। তাদের জেনে রাখা উচিত, লংমার্চ করে কখনো পানি আসে না।’
রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসিত করা হয়নি—বিএনপির নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, যে দল রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনে অংশ নেয়নি, তাদের মুখে এ কথা মানায় না। তিনি বলেন, ‘দেশের পোশাকশিল্প নিয়ে এখন বিএনপি ও কিছু বিদেশি ষড়যন্ত্র করছে। রানা প্লাজার শ্রমিকদের নিয়ে বিদেশি বন্ধুরা বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কই, একটাও তো পূরণ করলেন না। শেখ হাসিনার সরকার নানা বাধা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। তাঁর সরকারের উন্নয়নের চাকাকে থামানো যাবে না।’