'বঙ্গবন্ধুর মতোই শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন'
‘সংস্কৃতিচর্চা, ধর্মীয় অনুশাসন মানা এবং গবাদিপশু-পাখি পালন ছিল বঙ্গবন্ধু পরিবারের নিয়মিত কর্ম। পশু-পাখি পালন মানুষকে আরও মানবিক করে তোলে, ভালোবাসতে শেখায়। বঙ্গবন্ধুর মতোই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন, সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। মানুষকে বুকে টেনে নিতে তিনি তৃপ্তি বোধ করেন। প্রধানমন্ত্রীর মতো সাহসী ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন নেতা খুঁজে পাওয়া দায়। আমি তো বাবা ও মেয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাই না।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার পশুপালন অনুষদ আয়োজিত স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে স্বরচিত একটি কবিতা পাঠ করে শোনান।
দুপুরে পশুপালন অনুষদের ৪৮তম ব্যাচের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম সহ-উপাচার্য এবং পশুপালন অনুষদের বর্তমান ডিন অধ্যাপক জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক তালুকদার নুরুন নাহার ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পশুপালন অনুষদ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মুনির হোসেন।