'বছর দু-একের মধ্যেই বাল্যবিবাহ অনেক কমে যাবে'

শুধু আইন করে সরকার চুপ করে বসে নেই। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য ক্ষেত্র তৈরি করছে। ২০৪১ সাল পর্যন্ত যেতে হবে না, সবাই মিলে কাজ করলে বছর দু-একের মধ্যেই বাল্যবিবাহের হার অনেক কমে যাবে।’
এ আশাবাদ মহিলা ও শিশুবিষয়ক সচিব নাছিমা বেগমের। আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে তিনি এ কথা বলেন। বেসরকারি সংগঠন পপুলেশন কাউন্সিল তাদের ভিত্তি জরিপের ফলাফল প্রকাশের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাছিমা বেগম বলেন, বাল্যবিবাহের পেছনে এক নম্বর কারণ হচ্ছে দারিদ্র্য। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দারিদ্র্য বিমোচনের বিষয়টিতে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
ফলাফল উপস্থাপন করেন পপুলেশন কাউন্সিলের সিনিয়র অ্যাসোসিয়েট সাজেদা আমিন। ভিত্তি জরিপ মতে, জামালপুর ও বগুড়ায় বিবাহিত কিশোরীরা প্রথম সন্তান জন্ম দেওয়ার পরই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারছে। কেননা বিয়ের পরপরই তারা সন্তান জন্মদানে সক্ষম তা প্রমাণ করতে হয়।
আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ বেজলাইন জরিপের ফলাফল তিনি কিশোরীদের পেছনে বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক প্রথা পরিবর্তনের বিষয়টিতে গুরুত্ব দেন। চলতি বছরের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত জরিপটি চালানো হয়।
সাজেদা আমিন জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং পপুলেশন কাউন্সিল যৌথভাবে ‘অ্যাকসিলারেটিং অ্যাকশন টু অ্যান্ড চাইল্ড মেরিজ’ শীর্ষক প্রকল্পটি জামালপুর ও বগুড়া এই দুই জেলায় বাস্তবায়ন করছে। এ গবেষণা প্রকল্পের আওতায় কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও প্রচলিত সামাজিক প্রথা পরিবর্তনের মাধ্যমে বাল্যবিবাহের হার কমানোর পরিকল্পনা করা হয়েছে। জামালপুর ও বগুড়া জেলার ৭২টি এলাকার ১০ থেকে ১৯ বছর বয়সী প্রায় ১৩ হাজার কিশোরীকে বিভিন্ন কার্যক্রমের আওতায় আনা হবে। ভিত্তি জরিপ মতে, এই দুই জেলায় ৬১ শতাংশ কিশোরী বিয়ের কারণে স্কুল থেকে ঝরে পরে।
পপুলেশন কাউন্সিলের বেজলাইন জরিপ মতে, বাল্যবিবাহের শতকরা হার জামালপুরের (১৪ শতাংশ) তুলনায় বগুড়ায় বেশি (২৪ শতাংশ)। অথচ জামালপুরের সার্বিক অর্থনৈতিক অবস্থান বগুড়ার চেয়ে খারাপ। অর্থনৈতিক অবস্থান ভালো হওয়ার পরও বগুড়াতে কেন বাল্যবিবাহ বেশি, তার উত্তর পাওয়া যায়নি। প্রকল্প বাস্তবায়নের সময় বিষয়টি তলিয়ে দেখা হবে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পপুলেশন কাউন্সিলের এ দেশীয় পরিচালক ওবায়দুর রব বলেন, বাল্যবিবাহের শিকার কিশোরীদের বিয়ের পরপরই মা হতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে কার্যক্রম হাতে নিতে হবে। জরিপের ফলাফল অনুযায়ী, বগুড়ায় ১৪.৭ এবং জামালপুরে বিয়ের গড় বয়স ১৫ বছর।
অনুষ্ঠানে ইউএনএফপিএর ভারপ্রাপ্ত প্রতিনিধি ইউরি কাতো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ইউএনএফপিএর কিশোর-কিশোরী এবং যুববিষয়ক বিশেষজ্ঞ ঈশানী রুয়ানপুরা বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনএফপিএর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন পপুলেশন কাউন্সিলের জ্যেষ্ঠ পলিসি উপদেষ্টা এ কে এম জাফর উল্লাহ খান।